স্বাধীন ন্যায়পাল নিয়োগ দেবেন ক্বাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচিত হলে মেয়রের কর্মকাণ্ড তদারকির জন্য একজন স্বাধীন ন্যায়পাল নিয়োগ দেবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদপ্রার্থী আবদুল্লাহ আল ক্বাফী। একই সঙ্গে ন্যায়পাল মেয়রের বিরুদ্ধে নগরবাসীর অভিযোগও নিষ্পত্তি করবেন।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে গতকাল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে ক্বাফী এ ঘোষণা দেন। এর মধ্যে রয়েছে ন্যায়পাল নিয়োগসহ ৭১ দফা নির্বাচনী ও কয়েকটি ব্যক্তিগত অঙ্গীকার। তিনি সবার জন্য বাসযোগ্য ঢাকা আন্দোলনের ব্যানারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-সমর্থিত প্রার্থী। তিনি হাতি প্রতীকে নির্বাচন করছেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তরের এই মেয়র পদপ্রার্থী পয়লা বৈশাখের উৎসবের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের হয়রানির সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। তিনি আজ শুক্রবারের মধ্যে লাঞ্ছনাকারীদের গ্রেপ্তার না করা হলে কাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সামনে দিনব্যাপী অবস্থান নেবেন বলেও ঘোষণা দেন।
অনুষ্ঠানে ঢাকা উত্তরের এই মেয়র পদপ্রার্থীর রাজনৈতিক, পারিবারিক, সামাজিক ও শিক্ষাজীবনের পরিচয় তুলে ধরেন সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। তিনি বলেন, ‘ঢাকা সিটি করপোরেশন বিএনপি-আওয়ামী লীগের হাতে ছিল। কিন্তু কোনো পরিবর্তন আমরা দেখিনি। এবার দ্বিমেরুকেন্দ্রিক, অপরাজনীতি থেকে বেরিয়ে আসার সুযোগ এসেছে।’
অনুষ্ঠানে খালেকুজ্জামান, অধ্যাপক এম এম আকাশ, রাজেকুজ্জামান রতন, মোয়াজ্জেম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।