পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস’-এর প্রাক্কালে গতকাল শনিবার এক বাণীতে সমর্থন পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজ রোববার সারা বিশ্বের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে। খবর বাসসের।
বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ অথবা বর্ণবাদের বিরুদ্ধে সারা বিশ্বের সংগ্রামরত নির্যাতিত মানুষের প্রতি সমর্থন জানানোর ব্যাপারে আমাদের সাংবিধানিক অঙ্গীকারের অংশ হিসেবে বাংলাদেশ সরকার ও জনগণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় সচেষ্ট ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত সংগ্রামের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন পুনর্ব্যক্ত করেছে।’ তিনি আরও বলেন, ‘যে মূল্যবোধ, নীতিমালা ও ধারণা আমাদের স্বাধীনতা অর্জনের জন্য দীর্ঘ সংগ্রাম এবং ১৯৭১ সালে বীরোচিত মুক্তিযুদ্ধে উদ্বুদ্ধ করেছিল, সেটাই ফিলিস্তিনি জনগণের ন্যায়সংগত সংগ্রামের প্রতি দ্ব্যর্থহীন সমর্থন জানাতে আমাদের পথ নির্দেশ করছে।’ প্রধানমন্ত্রী অধিকৃত ফিলিস্তিন ভূখণ্ডে দখলদার বাহিনীর জুলুম-নির্যাতন এবং মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানান।
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে জাতিসংঘে সনদ, রোড ম্যাপ, আরব শান্তি পরিকল্পনা এবং কাতারের উদ্যোগ ফিলিস্তিন ইস্যুর দীর্ঘমেয়াদি সমাধানের নির্দেশনা হতে পারে। ফিলিস্তিনি জনগণের সংগ্রামের প্রতি সমর্থন জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।