
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা, গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবিতে গতকাল শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে সংহতি সমাবেশ করেছে প্যালেস্টাইন-ইরাক সংহতি পরিষদ। এ ছাড়া জাতীয় জাদুঘরের সামনে একই ধরনের কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।
দুই অংশের এই সমাবেশে সহস্রাধিক নারী-শিশু-শ্রমিক-শিক্ষক-আইনজীবী-প্রকৌশলী-চিকিৎসক ফিলিস্তিনের স্বাধীনতা দাবির সঙ্গে সংহতি প্রকাশ করেন। পরে তাঁরা নিজ নিজ অবস্থান থেকে বিক্ষোভ মিছিল করে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে কর্মসূচি শেষ করেন।
কেন্দ্রীয় শহীদ মিনারে গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে সংহতি পরিষদের ব্যানারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রভৃতি সংগঠন অংশ নেয়। ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ঘোষণাপত্র পাঠ করেন সংগঠনের সভাপতি অধ্যাপক কে এ এম সাদ’উদ্দিন। তিনি বিশ্বের সব শান্তিকামী নাগরিকের প্রতি আট দফা দাবি উপস্থাপন করেন।
জাতীয় জাদুঘরের সামনে গণতান্ত্রিক বাম মোর্চার ব্যানারে ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সংহতি জোরদার করার’ দাবিতে সংহতি সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি, গণসংহতি আন্দোলন প্রভৃতি সংগঠন অংশ নেয়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ফিলিস্তিনে কোনো যুদ্ধ চলছে না, যা চলছে তা হচ্ছে নির্বিচার গণহত্যা।
সমাবেশে বাসদ কেন্দ্রীয় কনভেনশন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ বক্তব্য দেন।