স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সংবর্ধনা শিল্পীদের সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গত সোমবার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের সম্মাননা দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী এ অনুষ্ঠানের আয়োজন করেন।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের গাওয়া জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সভাপতিত্বে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র গঠনের প্রেক্ষাপট ও এর কার্যক্রম নিয়ে স্মৃতিচারণা করেন বেতার কেন্দ্রের শিল্পী রেজাউল করিম চৌধুরী ও শফিউর রহমান। সে সময়ে তরুণ শিল্পীরা কেমন করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র চালু করেছেন, কীভাবে বিভিন্ন গান নিয়ে ছুটে বেড়িয়েছেন তার স্মৃতিচারণা করেন। এরপর মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করতে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি আবৃত্তি করে শোনান শিল্পী আশরাফুল আলম।
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেন, এই শিল্পীদের আরও আগে এই সম্মান জানানো উচিত ছিল। নতুন প্রজন্মের কাছে এসব শিল্পীর পরিচয় করিয়ে দিতেই এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সংবর্ধনা মঞ্চে একে একে শিল্পী মোতাহার হোসেন, রেজাউল করিম চৌধুরী, মঞ্জুশ্রী নিয়োগী, আশরাফুল আলম, আজহারুল ইসলাম, মৃণাল ভট্টাচার্য, আবু নওশের, তিমির নন্দী, শুক্তি মহলানবীশ, তরুণ কুমার মহলানবীশ প্রমুখের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সমবেত ও একক কন্ঠে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে গাওয়া বিভিন্ন গান পরিবেশন করেন শিল্পীরা।