স্বাধীন বাংলা বেতারের গীতিকার সুব্রত সেনগুপ্ত মারা গেছেন

মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে প্রচারিত বহু গানের গীতিকার সুব্রত সেনগুপ্ত (৭৪) মারা গেছেন। ক্যানসারে আক্রান্ত হয়ে এই শিল্পী গতকাল মঙ্গলবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
সুব্রত সেনগুপ্তের স্ত্রী জলি সেনগুপ্ত এ কথা জানান।
স্বদেশি আন্দোলনের নেতা সুধীর সেনগুপ্তের ছেলে সুব্রত সেনগুপ্ত। তাঁর দিদিমার আপন বোন বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার।
পরিবারের সদস্যরা বলেন, সুব্রত সেনগুপ্ত প্রথমে প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। এ ছাড়া বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। সুব্রত সেনগুপ্ত স্ত্রী, দুই ছেলে ও আত্মীয়স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শোক প্রকাশ করেছেন।
জলি সেনগুপ্ত গতকাল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে ফোন আসে, তাঁর অবস্থা খারাপের দিকে যাচ্ছে। পরে সাড়ে ছয়টার দিকে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন।’ জলি জানান, হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় শহীদ মিনারে। সেখানে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানানো হয়। শহীদ মিনার থেকে নেওয়া হয় পোস্তগোলা মহাশ্মশানে। সেখানে সন্ধ্যায় শেষকৃত্য সম্পন্ন হয় তাঁর।
‘রক্ত চাই রক্ত চাই, অত্যাচারীর রক্ত চাই’, ‘ছুটরে সবাই বাঁধ ভাঙা বান অগণিত গ্রাম মজুর কিষান’, ‘শোন জনতা গণজনতা’সহ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মুক্তিযুদ্ধের অনেক গান তিনি রচনা করেছেন।