স্বাধীন বাংলার পতাকা তৈরির প্রথম কারিগরকে সম্মাননা
লালমনিরহাটে ১৯৭১ সালে স্বাধীন বাংলার পতাকা তৈরির প্রথম কারিগর শামসুল আলমকে সম্মাননা দেওয়া হয়েছে। লালমনিরহাট সূর্যমুখী সংগীত একাডেমির পক্ষ থেকে গত শুক্রবার তাঁকে ওই সম্মাননা দেওয়া হয়।
এ সময় শামসুল আলমের হাতে আনুষ্ঠানিকভাবে ক্রেস্ট, সনদ, শুভেচ্ছা উপহার হিসেবে এক সেট তৈরি পোশাক ও দুই হাজার টাকার প্রাইজ বন্ড তুলে দেওয়া হয়।
লালমনিরহাট পৌরসভা চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক মতিয়ার রহমান, পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডার মেজবাহ্ উদ্দিন আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের উপদেষ্টামণ্ডলীর সভাপতি আব্দুল মজিদ মণ্ডল। এতে বক্তব্য দেন লালমনিরহাট সূর্যমুখী সংগীত একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক ফারুক আহমেদ, ছড়াকার আজিজুল হক মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে জেলার বিশিষ্ট সংগীতশিল্পী ও সূর্যমুখী সংগীত একাডেমির শিক্ষার্থীরা গান পরিবেশন করেন।