স্বাধীন সম্প্রচার কমিশন চান অংশীজনেরা
সম্প্রচারমাধ্যমের লাইসেন্স দেওয়ার ক্ষমতাসহ একক কর্তৃত্ব দিয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন অংশীজনেরা। পাশাপাশি রাজনৈতিক দলের পদধারীরা কমিশনের সদস্য হতে পারবেন না—এমন বিধান আইনে অন্তর্ভুক্ত করারও পরামর্শ দিয়েছেন তাঁরা।
আজ বৃহস্পতিবার বিকেলে সম্প্রচার আইন, ২০১৬ (খসড়া)-এর ওপর মতামত দিতে গিয়ে সম্প্রচার আইনের অংশীজনেরা এসব পরামর্শ দেন। তথ্য মন্ত্রণালয় রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে।
সভায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের নিত্যসঙ্গী গণমাধ্যমের প্রাতিষ্ঠানিকীকরণের জন্য এই আইন করা হচ্ছে। সরকার গণমাধ্যমের বিকাশ চায়। এটা গণতন্ত্রের জন্য মঙ্গলজনক। রাষ্ট্রযন্ত্র ও সরকার গণমাধ্যম মুখোমুখি হওয়া উচিত নয়। সম্প্রচার আইন চূড়ান্ত হলে কমিশনের মাধ্যমেই সম্প্রচার মাধ্যম পরিচালিত হবে। তিনি বলেন, যেসব প্রস্তাব বা পরামর্শ আলোচনা সভা বা ওয়েবসাইটের মাধ্যমে এসেছে, সেগুলো নিয়ে আরও আলোচনা করা হবে। তাঁরা চান আগামী বাজেট সেশনে এই আইনটি সংসদে তুলতে।
আলোচনায় অংশ নেন সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুরুল আহসান বুলবুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শফিউল আলম ভূঁইয়াসহ তথ্যপ্রযুক্তি ও গণমাধ্যম বিশেষজ্ঞরা। তাঁরা খসড়া আইনের ১৮ ও ১২ (চ) ধারা পরস্পরবিরোধী বলে চিহ্নিত করেন। ১৮ ধারায় বলা হয়েছে, লাইসেন্স করার বিষয়ে ধারা ১২ (চ)–এর বিধান সাপেক্ষে কমিশনের একক কর্তৃত্ব থাকবে। আর ১২ (চ) তে ‘নতুন লাইসেন্স প্রদানের জন্য গাইডলাইন প্রদান এবং টেলিভিশন, বেতার, ইন্টারনেট টিভি বা রেডিও বা অন্য কোনো প্রকারের প্রচারমাধ্যম ডিজিটাল বা ভিন্ন কোনো প্রকারের সম্প্রচারের মাধ্যম ও সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স ইস্যুর জন্য সুপারিশ করা এবং সরকারের অনুমোদনক্রমে তা ইস্যু করার কথা বলা আছে।
আলোচকেরা বলেন, ১২ (চ) ধারা থাকলে কমিশনের একক ক্ষমতা থাকবে না। স্বাধীন সম্প্রচার কমিশন করতে হলে লাইসেন্স দেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলে পদধারীদের কমিশনার করার অযোগ্য ঘোষণা করারও প্রস্তাব সমর্থন করেন। কমিশনের দায়মুক্তি দেওয়ার কথা বলা আছে খসড়া আইনে। এটির প্রয়োজন আছে কি না, তা নিয়েও কয়েকজন আলোচক প্রশ্ন তোলেন।
ইকবাল সোবহান চৌধুরী ও খসড়া আইন প্রণয়ন কমিটির সদস্য শফিউল আলম ভূঁইয়া বলেন, তাঁরা প্রথমে যে খসড়া তৈরি করেছিলেন, তাতে ১২ (চ) ধারা ছিল না। এটি পরবর্তী সময়ে সংযোজন করা হয়েছে।
আইনের খসড়ার ওপর বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি বলেন, খসড়া আইনটিতে ইতিবাচক দৃষ্টিভঙ্গি আছে। কিন্তু তিনি কমিশনার নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির দক্ষতা, নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা নিশ্চিত করা, কোনো রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সদস্যদের কমিশনার হওয়ার অযোগ্য ঘোষণা করা, দেশের জাতীয় আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কিছু প্রচারের কারণে লাইসেন্স বাতিল করার ধারা সংযোজনের সুপারিশ করেন। পাশাপাশি কমিশনের অনুমতি ছাড়া কোনো অপরাধ আমলে না নেওয়ার ধারাটির প্রয়োজন আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
জবাবে খসড়া প্রণয়নের সদস্য আইনজীবী তানজীব উল আলম বলেন, মত প্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে এই ধারাটি রাখা হয়েছে। আর তথ্যসচিব মুর্তজা আহমেদ বলেন, অযথা হয়রানি যাতে না হয়, এই ধারাটি সে জন্য রাখা হয়েছে।
ইকবাল সোবহান চৌধুরী বলেন, গণমাধ্যম শৃঙ্খলিত করার পরিকল্পনা সরকারের নেই। বিকাশে সহায়তা করতে এবং সুশৃঙ্খল গণমাধ্যম প্রতিষ্ঠা করতে কিছু নীতিমালা আইন করা সরকারের দায়িত্ব। কিন্তু তা চাপিয়ে দেওয়া হবে না।
গোলাম সারওয়ার বলেন, লাইসেন্স হস্তান্তরের বিষয়ে খসড়া আইনে দুই ধরনের কথা আছে। তিনি এটি স্পষ্ট করার পরামর্শ দেন।
মনজুরুল আহসান বুলবুল প্রস্তাবিত খসড়া আইনের ধারা ১২, ১৮, ২৫ ও ৩১ আরও ভালোভাবে পর্যালোচনার পরামর্শ দেন।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার এই আইনকে গণমাধ্যম আইন করার প্রস্তাব করেন। তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের অনেক কিছু এই আইনে আসেনি। বেশ কিছু বিষয় এতে অন্তর্ভুক্ত করতে হবে। কারণ, খসড়াটি প্রথমে করা হয়েছে শুধু সম্প্রচারমাধ্যমের কথা মাথায় রেখে।
আইনের খসড়া প্রণয়নে গঠিত কমিটির চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান বলেন, তাঁরা চান শক্তিশালী সম্প্রচার কমিশন হবে, যেটি সম্প্রচারমাধ্যমের বিকাশে কাজ করবে। এখানে নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই।