সম্প্রচার মাধ্যমের লাইসেন্স দেওয়ার ক্ষমতাসহ একক কর্তৃত্ব দিয়ে স্বাধীন সম্প্রচার কমিশন গঠনের পরামর্শ দিয়েছেন অংশীজনেরা। পাশাপাশি রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিরা কমিশনের সদস্য হতে পারবেন না—এমন বিধান আইনে অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন তাঁরা।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সম্প্রচার আইন ২০১৬ (খসড়া)-এর ওপর মতামত দিতে গিয়ে সম্প্রচার আইনের অংশীজনেরা এসব পরামর্শ দেন। রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মিলনায়তনে ওই অনুষ্ঠানের আয়োজন করে তথ্য মন্ত্রণালয়।
সম্প্রচার কমিশনের দায়মুক্তি দেওয়ার কথা বলা আছে খসড়া আইনে। এটির প্রয়োজন আছে কি না, তা নিয়েও কয়েকজন আলোচক প্রশ্ন তোলেন। তবে আইনে জেল-জরিমানার বিধান রাখার প্রস্তাব থাকলেও এ নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি। খসড়া আইনের ১৮ ধারায় বলা হয়েছে, লাইসেন্স করার বিষয়ে ধারা ১২(চ)-এর বিধান সাপেক্ষে কমিশনের একক কর্তৃত্ব থাকবে। আর ১১২(চ)-তে নতুন লাইসেন্স প্রদানের জন্য গাইডলাইন প্রদান এবং টেলিভিশন, বেতার, ইন্টারনেট, টিভি বা রেডিও বা অন্য কোনো প্রকারের প্রচারমাধ্যম ডিজিটাল বা ভিন্ন কোনো প্রকারের সম্প্রচারের মাধ্যম ও সম্প্রচার যন্ত্রপাতির লাইসেন্স ইস্যুর জন্য সুপারিশ করা এবং সরকারের অনুমোদনক্রমে তা ইস্যু করার কথা বলা আছে।
দৈনিক সমকাল-এর সম্পাদক গোলাম সারওয়ার, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ জে এম শফিউল আলম ভূঁইয়া এই দুটি ধারাকে পরস্পরবিরোধী হিসেবে চিহ্নিত করেন। তাঁরা বলেন, ১২(চ) ধারা থাকলে কমিশনের একক ক্ষমতা থাকবে না। স্বাধীন সম্প্রচার কমিশন করতে হলে তাঁরা লাইসেন্স দেওয়ার ক্ষমতা কমিশনকে দেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তাঁরা রাজনৈতিক দলে পদধারী ব্যক্তিদের কমিশনার করার অযোগ্য ঘোষণার প্রস্তাব সমর্থন করেন।
ইকবাল সোবহান চৌধুরী ও শফিউল আলম ভূঁইয়া বলেন, তাঁরা প্রথমে যে খসড়া তৈরি করেছিলেন, তাতে ১২(চ) ধারা ছিল না। এটি পরে সংযোজন করা হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান কমিশনার নিয়োগের ক্ষেত্রে ব্যক্তির দক্ষতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্ব দেন। রাজনৈতিক দল বা অঙ্গসংগঠনের সদস্যদের কমিশনার হওয়ার অযোগ্য ঘোষণা করার ধারা সংযোজনের সুপারিশ করেন তিনি। পাশাপাশি কমিশনের অনুমতি ছাড়া অপরাধ আমলে না নেওয়ার ধারাটির প্রয়োজন আছে কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
আর তথ্যসচিব মরতুজা আহমদ বলেন, অযথা হয়রানি যাতে না হয়, সে জন্য এই ধারা রাখা হয়েছে। খসড়া-প্রণেতাদের অন্যতম ব্যারিস্টার তানজীব উল আলম বলেন, মতপ্রকাশের স্বাধীনতা সমুন্নত রাখতে ধারাটি রাখা হয়েছে।
গোলাম সারওয়ার বলেন, লাইসেন্স হস্তান্তরের বিষয়ে খসড়া আইনে দুই ধরনের কথা আছে। তিনি এটি স্পষ্ট করার পরামর্শ দেন। মনজুরুল আহসান বুলবুল প্রস্তাবিত খসড়া আইনের ১২, ১৮, ২৫ ও ৩১ ধারাগুলো আরও ভালোভাবে পর্যালোচনার পরামর্শ দেন।
এই আইনকে গণমাধ্যম আইন করার প্রস্তাব করেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার। তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের অনেক কিছু এই আইনে আসেনি।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, সম্প্রচার আইন চূড়ান্ত হলে কমিশনের মাধ্যমেই সম্প্রচার মাধ্যম পরিচালিত হবে। যেসব প্রস্তাব বা পরামর্শ আলোচনা সভা বা ওয়েবসাইটের মাধ্যমে এসেছে, সেগুলো নিয়ে আরও আলোচনা করা হবে।
খসড়া প্রণয়নে গঠিত কমিটির চেয়ারম্যান অধ্যাপক গোলাম রহমান বলেন, তাঁরা চান শক্তিশালী সম্প্রচার কমিশন হবে, যেটি সম্প্রচার মাধ্যমের বিকাশে কাজ করবে। এখানে নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। অনুষ্ঠানে অংশীজনদের মধ্যে বক্তব্য দেন নাসিমুন আরা হক, সাহাব এনাম খান, তারিক আনাম খান প্রমুখ।