চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও বইমেলা শুরু হচ্ছে কাল মঙ্গলবার। ‘স্বাধীনতার দীপ্ত নীলিমায় মেলে ধরি গ্রন্থ-বাতায়ন’ প্রতিপাদ্য নিয়ে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই আয়োজন করছে প্রথম আলো বন্ধুসভা। বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে ২৬ মার্চ পর্যন্ত চলবে এই আয়োজন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক কৌশিক দত্ত জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী।
মুখ্য আলোচক থাকবেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন বুধবার সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ২৬ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষক সুমন গাঙ্গুলী।