স্বাধীনতা উৎসব ও বইমেলা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত স্বাধীনতা উৎ​সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী l ছবি: প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভা আয়োজিত স্বাধীনতা উৎ​সব ও বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী l ছবি: প্রথম আলো

‘স্বাধীনতার দীপ্ত নীলিমায়, মেলে ধরি গ্রন্থ-বাতায়ন’ প্রতিপাদ্য নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তিন দিনব্যাপী স্বাধীনতা উৎসব ও বইমেলা শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে প্রথমবারের মতো ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে শুরু হয়েছে এই আয়োজন।
গতকাল বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা বন্ধুসভার সভাপতি এবং ফলিত ও পরিবেশ রসায়ন বিভাগের শিক্ষক সুমন গাঙ্গুলী। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন অনুষদের ডিন আবদুল্লাহ আল ফারুক, শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আজগর চৌধুরী, সিন্ডিকেট সদস্য মাছুম আহমেদ, ইতিহাস বিভাগের সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, সোহরাওয়ার্দী হলের প্রাধ্যক্ষ আনোয়ার সাঈদ, ইংরেজি বিভাগের শিক্ষক সুকান্ত ভট্টাচার্য ও অনুষ্ঠানের আহ্বায়ক কৃষ্ণ চন্দ্র পাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বন্ধুসভার দুই সদস্য রাজীব কুমার বিশ্বাস ও মৌসুমী আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য বলেন, ‘বইয়ের পাঠক সৃষ্টিতে আমরা এখনো পিছিয়ে। এই সংকট কাটিয়ে তুলতে প্রথম আলো বন্ধুসভার এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ নিয়মিত বই পড়ার মাধ্যমে একটি জ্ঞানবিজ্ঞানসমৃদ্ধ ক্যাম্পাস গড়ে তুলতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
বিশ্বজিৎ চৌধুরী বলেন, ‘একসময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুন্দর সাংস্কৃতিক পরিবেশ ছিল। কেন জানি ইদানীং সেই পরিবেশটা কিছুটা মিইয়ে গেছে। বন্ধুসভা যে আয়োজন শুরু করে দিয়ে গেল, তা সত্যিই বড় ধরনের একটা কাজ হয়েছে। আগামীতে এ রকম আরও নানা আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসের পুরোনো পরিবেশ ফিরিয়ে আসবে বলে আমি আশাবাদী।’
বন্ধুসভার এই আয়োজন উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদজননী জাহানারা ইমাম, বিচারপতি হাবিবুর রহমান, লেখক হুনমায়ূন আহমেদ ও আহমদ ছফা এবং বিজ্ঞানী ড. জামাল নজরুল ইসলামকে।
বন্ধুসভার এই আয়োজনের প্রথম দিনে শিক্ষক-শিক্ষার্থীদের পদচারণে উৎসবমুখর হয়ে ওঠে বুদ্ধিজীবী চত্বর। শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন স্টল ঘুরে ঘুরে বই কিনতে দেখা যায়।
মেলায় স্টল বসেছে ১৬টি। বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষক মাধব দ্বীপ ও সুদীপ্ত শর্মার উদ্যোগেই বসেছে দুটি স্টল।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হবে। কাল সমাপনী দিনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।