স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা প্রস্তুত থাকুন: প্রধানমন্ত্রী
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সতর্ক ও প্রস্তুত থাকতে বাংলাদেশ সেনাবাহিনীর সদ্য কমিশন পাওয়া তরুণ সেনা কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে আয়োজিত ৭১তম বিএমএ লং কোর্স এবং ৪২তম বিশেষ কোর্সের রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। খবর বাসসের
প্রধানমন্ত্রী সদ্য কমিশন পাওয়া সেনা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আজ থেকে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের ওপর অর্পিত হলো। ফলে এই দায়িত্ব পালনের জন্য আপনাকে সর্বদাই সতর্ক ও প্রস্তুত থাকতে হবে।’ তিনি বলেন, ‘জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করাই হবে সেনাসদস্যদের জীবনের প্রথম ও প্রধান ব্রত। আপনাদের নিঃস্বার্থভাবে দেশ ও জনগণের সেবা করতে হবে। এ কাজে কখনোই পিছপা হবেন না। আপনাদের জন্য আমার দোয়া ও শুভ কামনা রইল।’
শেখ হাসিনা বলেন, বিশ্বের যেকোনো এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক হিসেবে জানে। তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা দেশের জনগণের একটি অবিচ্ছিন্ন অংশ। আপনারা গণমানুষের সুখ-দুঃখ এবং হাসি-কান্নার সম-অংশীদার। বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের যেকোনো প্রাকৃতিক দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে থাকে।’
প্রধানমন্ত্রী বলেন, এই বাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, সড়ক, ফ্লাইওভার ও অবকাঠামো নির্মাণ, জলাবদ্ধতা দূর করা, যানজট নিরসন, হাতিরঝিল প্রকল্প বাস্তবায়ন, ভোটার তালিকা প্রণয়ন ও মেশিন রিডেবল পাসপোর্ট তৈরিতে দক্ষতা ও সফলতা দেখিয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশ বিশ্বে এখন একটি প্রতিশ্রুতিশীল ও শান্তিপূর্ণ দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের দেশ এখন জাতিসংঘ শান্তি মিশনে সর্বোচ্চসংখ্যক সৈন্য পাঠিয়ে বিশ্বে শান্তি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’
প্রধানমন্ত্রী এর আগে একটি খোলা জিপে করে প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রী প্রশিক্ষণে সব বিষয়ে শ্রেষ্ঠত্ব লাভের জন্য সোর্ড অব অনার বিজয়ী ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন জানান এবং পদক বিতরণ করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া এবং বিএমএ কমান্ড্যান্ট মো. জাহাঙ্গীর কবির তালুকদার এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে প্রধানমন্ত্রী বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে সেনাবাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানান।