স্বাধীনতা খর্বের অভিযোগে ইসি কর্মকর্তাদের ক্ষোভ
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নির্বাচন কমিশনে (ইসি) প্রেষণে যুগ্ম সচিব নিয়োগ দেওয়ায় স্বাধীনতা খর্ব করার অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন নির্বাচন কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শতাধিক কর্মকর্তা-কর্মচারী এর প্রতিবাদে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করেন।
১ জুলাই এক আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. কামরুল হাসানকে প্রেষণে ইসির যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।
পরের দিন ‘ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন’ এই সিদ্ধান্তের প্রতিবাদ করে মাঠ পর্যায়ে সব নির্বাচন অফিস ও ইসি সচিবালয়ে এক ঘণ্টার কর্মবিরতি ও কালো ব্যাজ ধারণের কর্মসূচির ঘোষণা দেয়। এই কর্মসূচির অংশ হিসেবে আজ নির্বাচন কর্মকর্তারা কালো ব্যাজ ধারণ করেন।
সংগঠনের সভাপতি খন্দকার মিজানুর রহমান বলেন, এই নিয়োগ স্বাধীন নির্বাচন কমিশন আইনের লঙ্ঘন। এর মাধ্যমে ইসির স্বাধীনতা খর্ব করা হচ্ছে। তিনি বলেন, ‘ইসির পক্ষ থেকে আমাদের দাবি যৌক্তিক বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে যোগ না দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ইসির নিজস্ব কর্মকর্তাদের পক্ষ থেকে ইসিতে একজন যুগ্ম সচিব রাখার দাবি আমাদের। সর্বশেষ কমিশনে অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব ইসির নিজস্ব কর্মকর্তা ছিলেন।’ যোগ্যদের যথাযথভাবে পদোন্নতি দেওয়ার দাবি কমিশনের কাছে তুলে ধরা হয়েছে বলে তিনি জানান।