স্বাধীনতা থেকে সারবস্তু বের করে নিতে হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা শুধু মজার জিনিস নয়, স্থির হয়ে এর ভেতর থেকে সারবস্তুটাকে বের করে নিতে হয়। রবীন্দ্রনাথের এই বার্তা বর্তমান বাংলাদেশের ক্ষেত্রে চরম সত্য বলে উল্লেখ করেছেন সাহিত্যিক সৈয়দ শামসুল হক।
গতকাল শনিবার রাজধানীর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত চতুর্থ রবীন্দ্রনাথ ঠাকুর স্মারক বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাঙালি সমগ্র জাদুঘর নামে একটি সংগঠন এ বক্তৃতার আয়োজন করে।
সৈয়দ শামসুল হক রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী নাটকের নন্দিনী চরিত্রের উল্লেখ করে বলেন, নন্দিনী যেভাবে মুক্তির বাতাস নিয়ে আসে, জীবনের দিকে ফিরে তাকানোর কথা বলে তার প্রাসঙ্গিকতা বাংলাদেশের ‘হাড়মজ্জায়’।
সভাপতির বক্তব্যে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রবীন্দ্রনাথের নাটকে যে দ্বন্দ্ব, তা আমাদের জীবনে সত্য। রবীন্দ্রনাথের প্রথম পর্যায়ের নাটক থেকে পরবর্তী পর্যায়ের নাটক আমাদের বেশি ভাবায়।’ শুভেচ্ছা বক্তব্যে সাহিত্যিক সেলিনা হোসেন রবীন্দ্রনাথকে নিয়ে এমন আলোচনাকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এ আলোচনা আমাদের তরুণ সমাজকে উদ্দীপ্ত ও আলোকিত করবে।’
অনুষ্ঠানের শুরুতে রবীন্দ্রসংগীত গেয়ে শোনান লিলি ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংগীতজ্ঞ আজাদ রহমান ও বাঙালি সমগ্র জাদুঘরের নির্বাহী পরিচালক তারিক রহমান।