স্বাধীনতা দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বঙ্গভবনে গতকাল রোববার সংবর্ধনার আয়োজন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশেদা খানম। বিকেল পৌনে ৫টায় অনুষ্ঠিত এ সংবর্ধনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কেক কাটেন। তাঁরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অনুষ্ঠানে আগত সম্মানিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের খোঁজখবর নেন এবং তাঁদের কল্যাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ড. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীও সংবর্ধনায় অংশ নেন। যোগ দেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বীরশ্রেষ্ঠদের পরিবারের সদস্যরা।
মন্ত্রিসভার সদস্য, ডেপুটি স্পিকার, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, প্রতিমন্ত্রী, সুপ্রিম কোর্টের বিচারক, মন্ত্রিপরিষদসচিব, সিনিয়র আইনজীবী, তিন বাহিনীর প্রধানগণ, সংসদ সদস্য, জ্যেষ্ঠ রাজনৈতিক নেতা, সম্পাদক, সাংবাদিক নেতা, ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী নেতা, শিল্পী ও বিশিষ্ট নাগরিকেরাও সংবর্ধনায় যোগ দেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে দেশবরেণ্য শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন দেশাত্মবোধক গান পরিবেশনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।