চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ১৮টি মাদ্রাসা গতকাল বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করেনি। দিবসটি উদ্যাপনের জন্য উপজেলা শিক্ষা কার্যালয় থেকে এসব মাদ্রাসার অধ্যক্ষের কাছে চিঠি পাঠানো হলেও তারা তা মানেনি।
গতকাল ভোর ছয়টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলা সদরের নিউ হোস্টেল এলাকায় স্থাপিত শহীদদের স্মারকস্তম্ভ ‘দীপ্তবাংলায়’ অবস্থান করে দেখা যায়, সেখানে কোনো মাদ্রাসার পক্ষ থেকেই শহীদদের শ্রদ্ধা নিবেদনে পুষ্পস্তবক অর্পণ করা হয়নি। সকালে উপজেলা উদ্যাপন পরিষদ আয়োজিত কুচকাওয়াজ, শিক্ষার্থীদের শারীরিক কসরত ও দুপুরে প্রীতি খেলাধুলাসহ কোনো কর্মসূচিতেই এসব মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশ নিতে দেখা যায়নি।
মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, হযরত আয়েশা সিদ্দিকা (রা.) মহিলা ফাজিল মাদ্রাসা, ঘিলাতলী ফাজিল মাদ্রাসা, কাচিয়ারা ফাজিল মাদ্রাসা, খর্গপুর ফাজিল মাদ্রাসা, কালিয়াইশ ফাজিল মাদ্রাসা, দিঘলদী জাফরিয়া দাখিল মাদ্রাসা ও ধনারপাড় দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায়, সেখানে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে। শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নেই। ওই সব এলাকার একাধিক বাসিন্দা জানান, এবারকার স্বাধীনতা দিবসে এসব মাদ্রাসায় কোনো কর্মসূচি পালিত হয়নি। অতীতেও শুধু জাতীয় পতাকা উত্তোলন ছাড়া আর কিছুই করা হয়নি।
মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন জানান, তাঁর প্রতিষ্ঠান শহীদদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দেয়নি। তবে অন্য কর্মসূচি পালন না করলেও শিক্ষার্থীরা সকালে উদ্যাপন কমিটির আয়োজনে কুচকাওয়াজে অংশ নিয়েছে।
এ ব্যাপারে ঘিলাতলী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আবুল বাশারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়। অন্যান্য মাদ্রাসার অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রহিম খান বলেন, ‘উপজেলায় দাখিল, ফাজিল ও কামিল মিলে মোট ১৮টি বেসরকারি মাদ্রাসা রয়েছে। স্বাধীনতা দিবসের কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য এসব মাদ্রাসার অধ্যক্ষের কাছে আগেই চিঠি পাঠানো হয়েছে। এর পরও এসব মাদ্রাসা দিবসটি ঠিকমতো পালন করেনি। দীপ্তবাংলায় পুষ্পস্তবকও অর্পণ করেনি। এটা দুঃখজনক। বিষয়টি তদন্ত করে দেখা হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা ইসলাম জানান, যেসব মাদ্রাসা স্থানীয়ভাবে বা উদ্যাপন কমিটির সঙ্গে স্বাধীনতা দিবসের কর্মসূচি পালন করেনি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।