স্বাধীনতা দিবস পালনের কথা বলায়...
জামালপুরের সরিষাবাড়ীর পঞ্চাশী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর চার শিক্ষার্থীকে গতকাল সোমবার পিটিয়ে জখম করেছেন প্রধান শিক্ষক। স্বাধীনতা দিবস পালনের কথা বলায় তাদের তিনি পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আহত চার শিক্ষার্থী হচ্ছে শাকিল, শহীদুল্লাহ, সালমান ও সজীব। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বিদ্যালয় থেকে জানা গেছে, দশম শ্রেণীর শিক্ষার্থীরা গতকাল সকাল ১০টার দিকে প্রধান শিক্ষক আবদুস ছাত্তারের কাছে স্বাধীনতা দিবস পালনের কথা বলে। এ কথা বলায় তিনি ওই চার শিক্ষার্থীকে বেত্রাঘাত করেন। এ ঘটনায় হট্টগোল শুরু হলে তিনি বিদ্যালয় ছুটি দেওয়ার নির্দেশ দেন। আহত শিক্ষার্থী শাকিল অভিযোগ করে বলে, ‘হেড স্যারকে স্বাধীনতা দিবস পালনের কথা বললে তিনি আমাকে পিটিয়ে আহত করেন।’প্রধান শিক্ষক আবদুস ছাত্তার স্বাধীনতা দিবস পালনের কথা বলায় শিক্ষার্থীদের বেত্রাঘাত করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, দশম শ্রেণীর শিক্ষার্থীরা স্বাধীনতা দিবসে বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা বলে। তহবিলে টাকা না থাকায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না বলে জানালে হট্টগোল শুরু হয়। তখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ওই শিক্ষার্থীদের বেত্রাঘাত করা হয় এবং বিদ্যালয় ছুটি দিয়ে দেওয়া হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম এলাহী আখন্দ বলেন, ‘বিষয়টি আমি দেখব।’