স্বাধীনতা দিবসে নানা আয়োজন

একাত্তরের শহীদদের প্রতি পুষ্পার্ঘ্য নিবেদনসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার উদ্যাপন করা হয়েছে ৪৬তম স্বাধীনতা দিবস। শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শুরু হয় এ দিবসের কর্মসূচি। এ উপলক্ষে তোপধ্বনি করা হয়। শহীদ মিনার ও স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে প্রশাসন, রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও সাধারণ মানুষ।
এ ছাড়া সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দেশের বিভিন্ন এলাকায় শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজন করা কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনের। আলোচনা সভা হয়। ক্রীড়া প্রতিযোগিতা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন করা হয়। হাসপাতাল, এতিমখানা, জেলখানা, ভবঘুরে আশ্রয়কেন্দ্র ও শিশুকেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
রাজশাহী: প্রথম প্রহরে নগরের ভুবন মোহন পার্ক শহীদ মিনারে সদর আসনের সাংসদ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শাহীন আকতার ও সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্বে নেতা-কর্মীরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। নগর বিএনপির সভাপতি মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দলটির নেতা-কর্মীরা।
সকালে নগরের বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শোভাযাত্রা বের করে শহীদ মিনারে গিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়া মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজে অংশ নেয়।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন, সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে তাঁরা এক মিনিট নীরবতাও পালন করেন। বিকেলে উপাচার্য ভবনে বিশ্ববিদ্যালয়ের শহীদ পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন।
রংপুর: কেন্দ্রীয় শহীদ মিনারে সিটি করপোরেশনের মেয়র মুক্তিযোদ্ধা সরফুদ্দিন আহমেদ ও মডার্ন মোড়ে স্বাধীনতা স্তম্ভ অর্জনে বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবীর, জেলা প্রশাসক রাহাত আনোয়ার পুষ্পস্তবক অর্পণ করেন।

ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলা পরিষদের পক্ষ থেকে ৫০০ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধে শহীদ ও যুদ্ধাহত ১০০ পরিবারের সদস্যদের হাতে উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। এরপর শহরের মাহবুব খান স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
দুপচাঁচিয়া (বগুড়া): দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে উপজেলা অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। ইউএনও শাহেদ পারভেজের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যা দেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সখিনা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল মজিদ প্রমুখ। শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের হাতে শাড়ি ও ঘড়ি তুলে দেওয়া হয়।
সিরাজগঞ্জ: স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সিরাজগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার মুক্তির সোপানে তোপধ্বনির পর ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। সকাল আটটার দিকে সিরাজগঞ্জ শহীদ এম শামসুদ্দীন স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়। দুপুরে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। জেলা প্রশাসক বিল্লাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য দেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাত, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সেলিনা বেগম প্রমুখ।
জয়পুরহাট: একাত্তরে মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির রায় দ্রুত কার্যকরের দাবির মধ্য দিয়ে জয়পুরহাটে স্বাধীনতা দিবস উদ্যাপিত হয়েছে। রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে শহীদ ডা. আবুল কাশেম মাঠে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়। সকালে স্টেডিয়ামে প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানানো হয়। শিশু একাডেমীতে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকেলে স্টেডিয়ামে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় শহীদ ডা. আবুল কাশেম মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
পাবনা: রাত ১২টা ১ মিনিটে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ দুর্জয় পাবনার পাদদেশে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে জেলার ৬০০ মুক্তিযোদ্ধাকে নানা উপহার ও ২৫টি মুক্তিযোদ্ধা পরিবারকে সেলাই মেশিন দেওয়া হয়।
নাটোর: সকালে গোবিন্দ চৌধুরী আধুনিক স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। পরে নাটোর কানাইখালি মাঠে আলোচনা সভা হয়। এ ছাড়া ছাতনী বধ্যভূমিসহ জেলার অন্যান্য বধ্যভূমিতে সরকারিভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
নওগাঁ: সকালে জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোরদের শারীরিক কসরত প্রদর্শন করা হয়। বেলা ১১টায় পুরাতন কালেক্টরেট চত্বরে জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। বেলা দুইটায় শিশু একাডেমী নওগাঁ জেলা কার্যালয়ে শিশুদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। বিকেল শহরের মুক্তির মোড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।