স্বাধীনতা দিবসে নানা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার ৪৫তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবদীপ্ত দিন। অন্যান্য বছরের মতো এবারও যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালন করবে জাতি। আজ সরকারি ছুটির দিন।
দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বাসস জানায়, আজ প্রত্যুষে রাজধানীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। আর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে এবং রাতে আলোকসজ্জায় সজ্জিত করা হবে।
সকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠদের পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাগণ, বাংলাদেশে অবস্থিত বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশ ও কুচকাওয়াজ হবে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী কুচকাওয়াজসহ বিভিন্ন শরীরচর্চা প্রদর্শন করবে। এ সময় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দিবসের তাৎপর্য তুলে ধরে সংবাদপত্রে বিশেষ নিবন্ধ ও ক্রোড়পত্র প্রকাশ ও সরকারি-বেসরকারি টেলিভিশন ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচারিত হবে। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার পরিবেশ করা হবে।
ক্ষমতাসীন আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু ভবন ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ছয়টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং সাতটায় বঙ্গবন্ধু জাদুঘরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও বেলা ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন। পরদিন ২৭ মার্চ বেলা সাড়ে তিনটায় খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে আলোচনা সভা হবে, যেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় পার্টি, জাসদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গণফোরামসহ বিভিন্ন সংগঠনও বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।
মুক্তিযুদ্ধ জাদুঘর, ছায়ানট, জাতীয় জাদুঘর, বাংলা একাডেমি, নজরুল ইনস্টিটিউট, জাতীয় প্রেসক্লাব, অফিসার্স ক্লাব ঢাকা, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা, দেশ টিভি, ঢাকা মহানগরী সমিতি, বাংলাদেশ শিশু একাডেমী, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, বাংলাদেশ মহিলা পরিষদ, আমরা পলাশ, গৌরব ৭১, বাংলাদেশ রোইং ফেডারেশন, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ ভাসানী), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নানা কর্মসূচি হাতে নিয়েছে।