স্বাধীনতা দিবসে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মসূচি
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন আজ বুধবার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আছে চিত্রাঙ্কন অনুষ্ঠান, চলচ্চিত্র প্রদর্শনী, গণশপথ, যাত্রাপালা, প্রার্থনা সভা।
মুক্তিযুদ্ধ জাদুঘরের সপ্তাহব্যাপী কর্মসূচি অনুযায়ী আজ সকাল নয়টায় জাদুঘর প্রাঙ্গণে জাতীয় সংগীত ও পতাকা উত্তোলন, শিশু-কিশোরদের জন্য আনন্দ আয়োজন ও সন্ধ্যায় যাত্রাপালা অনুষ্ঠিত হবে। মুক্তিযুদ্ধ জাদুঘর ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে বিকেল তিনটা পাঁচ মিনিটে চ্যানেল আইয়ের নিজস্ব কার্যালয়ে ‘রংতুলিতে মুক্তিযুদ্ধ’ শীর্ষক চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সকাল সাতটায় পিলখানার স্মৃতিসৌধ ‘সীমান্ত গৌরব’-এ মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনার প্রদান। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বিকেল চারটায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
তেল-গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি সকাল নয়টায় জাতীয় স্মৃতিসৌধে ‘মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি ও জাতীয় সম্পদে জাতীয় মালিকানা প্রতিষ্ঠায় গণশপথ’ অনুষ্ঠানের আয়োজন করেছে। মহানগর সর্বজনীন পূজা কমিটি দুপুর ১২টায় ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনা সভার আয়োজন করেছে।
বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে দিনব্যাপী ‘স্বাধীনতা উৎসব’ অনুষ্ঠিত হবে।