স্বাধীনতা দিবসে রাজধানীর বিনোদন কেন্দ্রে ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি শাহবাগের শিশুপার্ক থেকে তোলা
রাজধানীর বিনোদনকেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। ছবিটি শাহবাগের শিশুপার্ক থেকে তোলা

লাল জামা গায়ে, মাথায় লাল-সবুজ পতাকার ব্যান্ড। আট বছরের জেরিন মা-বাবার হাত ধরে শাহবাগ শিশুপার্কে এসেছে। বেড়ানোর উপলক্ষ জানতে চাইলে ঝটপট উত্তর, ‘স্বাধীনতা দিবসে আব্বুর ছুটি। তাই ঘুরতে আসছি।’
২৬ মার্চ স্বাধীনতা দিবসে নগরজুড়ে ছিল উৎসবের আমেজ। সড়কগুলোতে ছিল সবুজ-লাল পোশাক পরা মানুষের
আনাগোনা। সরকারি ছুটিতে বিনোদনকেন্দ্রগুলোতে জড়ো হয়েছিলেন অনেকে।
ছুটির দিন বলে গতকাল সকাল ১০টায় খুলেছে শাহবাগের শহীদ জিয়া শিশুপার্কের গেট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। ‘ছোটমণিদের রেলগাড়ি’, ‘ঝুলন্ত চেয়ার’, ‘আনন্দঘূর্ণি’সহ বিভিন্ন রাইডের সামনে ছিল লম্বা লাইন। তবে টিকিট কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত মো. আকবর বললেন, অন্য সরকারি ছুটির দিনগুলোর তুলনায় দর্শনার্থীদের সংখ্যা কম।
বলাকা সিনেওয়ার্ল্ডে চলছে মুক্তিযুদ্ধের সিনেমা ভুবন মাঝি। গতকাল ছিল চারটি শো। বন্ধুদের নিয়ে সিনেমা দেখতে এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজনীন সুলতানা। বললেন, ‘আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম ২৬ মার্চে সিনেমাটা দেখব। বন্ধুরাও দেখেনি। তাই চলে আসলাম সবাই মিলে।’ হল ম্যানেজার আখতার হোসেন বলেন, দর্শকের চাপ আছে। বৃহস্পতিবার পর্যন্ত সিনেমাটি চলবে।
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৩ তারিখ থেকে জাতীয় প্যারেড স্কয়ারে শুরু হয়েছে সাত দিনের সমরাস্ত্র প্রদর্শনী। সেনা, নৌ আর বিমানবাহিনীর কামান, ট্যাংক, বন্দুকসহ নানা যুদ্ধ-সরঞ্জাম দেখতে গতকাল সেখানে ছিল উপচে পড়া ভিড়। স্যুভেনির স্টল থেকে সামরিক লোগো ছাপানো টুপি, টি-শার্ট, মগ কেনার সুযোগও ছিল।
গতকাল পাড়ার মোড়ে মোড়ে বেজেছে দেশের গান। ‘এক সাগর রক্তের বিনিময়ে’, কিংবা ‘মোরা একটি ফুলকে বাঁচাব বলে যুদ্ধ করি’—মাইকে, বড় সাউন্ড বক্সে দিনভর বাজানো হয়েছে এই গানগুলো। লাল-সবুজ শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট গায়ে রাস্তায় নেমেছিলেন অনেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, সোহরাওয়ার্দী উদ্যান, শাহবাগ মোড়ে অনেককে দল বেঁধে আড্ডা জমাতে দেখাতে যায়। হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সি ঘিরে দর্শনার্থীদের আগ্রহ ছিল বেশ।
তবে চলমান জঙ্গি তৎপরতার কারণে ঢাকার রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ছিল চোখে পড়ার মতো।