স্বাধীনতা দিবসে শিবিরের মিছিল গ্রেপ্তার ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসে বের হওয়া ছাত্রশিবিরের মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঘটনাস্থল থেকে শিবিরের ১৭ কর্মীকেও গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার রাজধানীর শান্তিনগর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের দাবি, শিবিরের কর্মীরাই রাস্তায় গাড়ি ভাঙচুর ও পুলিশের ওপর হামলা করেছেন। এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া শিবিরকর্মী জাবেদ ইকবাল জানান, গতকাল সকাল আটটার দিকে স্বাধীনতা দিবস উপলক্ষে শিবিরের কর্মীরা কাকরাইল থেকে একটি শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শান্তিনগর মোড়ে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এ নিয়ে শিবিরের কর্মীরা পুলিশের সঙ্গে তর্কে জড়িয়ে যান। একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করলে শোভাযাত্রাটি ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় পুলিশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করে।জানতে চাইলে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শিবলী নোমান প্রথম আলোকে জানান, দুই শতাধিক শিবিরকর্মী শান্তিনগর মোড়ে এসে গাড়ি ভাঙচুর শুরু করেন। এতে পুলিশ বাধা দিলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে চার পুলিশ সদস্য আহত হন। তাঁদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, এটি শোভাযাত্রা ছিল না। তাঁরা গ্রেপ্তার হওয়া জামায়াতের নেতাদের মুক্তির দাবিতে মিছিল বের করেন। রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কুদ্দুস, উপপরিদর্শক (এসআই) মাহবুবুল আলম, কনস্টেবল আমিনুল ও নূরে আলম তাঁদের হামলায় আহত হন বলে তিনি জানান।