স্বাধীনতা দিবসে 'অদম্য পদযাত্রা'
স্বাধীনতা দিবস উদ্যাপন ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণে সহায়তার উদ্দেশ্যে ‘শোক থেকে শক্তি-অদম্য পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করবে ‘অভিযাত্রী’ নামের একটি সংগঠন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
গত বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্যসচিব জিয়াউদ্দিন তারিক আলী, ট্রাস্টি মফিদুল হক, কর্মসূচি সমন্বয়ক রফিকুল ইসলাম, পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক।
২৬ মার্চ ভোর ছয়টায় শহীদ মিনার হতে হাঁটা শুরু করে পদযাত্রী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করে ফুলার রোডের পাশ দিয়ে টিএসসি পার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকবে। স্বাধীনতা স্মারক শিখা চিরন্তন প্রদক্ষিণ করে শাহবাগ হয়ে কাঁটাবন, সায়েন্স ল্যাব, পিলখানা, জিগাতলা পেরিয়ে পদযাত্রা এগিয়ে যাবে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের দিকে। এখানে নীরবে কিছু সময় দাঁড়িয়ে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও স্মৃতি স্মারক উন্মোচন করে অভিযাত্রী দল হাঁটতে থাকবে বধ্যভূমির উদ্দেশে। সেখানে ফুলের শ্রদ্ধা জানিয়ে বছিলা ব্রিজের নিচ থেকে নৌকায় করে আমিনবাজার হয়ে যাবে সাদুল্যাপুরের শতবর্ষী বটমূলে। সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে পৌঁছাবে।
পদযাত্রায় অংশ নিতে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর কার্যালয়ে গিয়ে অথবা ফেসবুকের মাধ্যমে নিবন্ধন করা যাবে।