স্বাধীনতা দিবসে 'পাখির জন্যও স্বাধীনতা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিক্রির জন্য খাঁচায় ভরে রাখা হয়েছিল ছয়টি ঘুঘু। খাঁচাসহ কিনে নিয়ে ঘুঘুগুলো ছেড়ে দেওয়া হলো মুক্ত আকাশে। গতকাল বুধবার মহান স্বাধীনতা দিবস এভাবেই উদ্যাপন করল সিলেটের দুটি সংগঠন।
‘পাখির জন্যও স্বাধীনতা’ নামে এ কর্মসূচি পালন করে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ‘প্রাণী অধিকার সংরক্ষণ—প্রাধিকার’ ও ‘সিলেট পেট লাভারস অ্যাসোসিয়েশন’।
সংগঠন সূত্র জানায়, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও নগরে প্রায়ই খাঁচায় বন্দী ঘুঘু বিক্রি করতে দেখা যায়। কেউ শখের বশে কিনে নেন, কেউ বা রসনাবিলাসের জন্য কেনেন। পাখি ধরা ও বিক্রির ব্যাপারে জনসচেতনতা তৈরির লক্ষ্য নিয়েই ঘুঘুগুলোকে মুক্ত করে স্বাধীনতা দিবস উদ্যাপন করেন সংগঠনের সদস্যরা। সিলেটের টিলাগড় ইকোপার্কে ঘুঘুগুলো ছেড়ে দেওয়া হয়।
এ সময় সিলেট পেট লাভারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরূপ শ্যাম ও প্রাধিকারের সাধারণ সম্পাদক জয় প্রকাশ রায়ও উপস্থিত ছিলেন। জয় প্রকাশ বলেন, ‘পৃথিবীতে প্রতিটি প্রাণীরই বেঁচে থাকার জন্য স্বাধীন পরিবেশ দরকার। পাখিদের খাঁচায় নয়, খোলা আকাশেই বেশি মানায়।’