স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আর দেখা হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীনতা দিবসের বাকি অনুষ্ঠান আর দেখা হলো না স্কুলছাত্র আদনান হোসেনের (১০)। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের হাঁপানিয়া মোড়ে গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। এ সময় হাসান আলী (১১) নামের অপর এক স্কুলছাত্র আহত হয়েছে।

আদনান ও হাসান দুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। আদনান দুয়ারিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে। হাসান একই গ্রামের আবু বকরের ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, আদনান ও হাসান বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের ফাঁকে ভাত খাওয়ার জন্য একটি বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল। তারা বেলা ১১টার দিকে হাঁপানিয়া মোড়ে পৌঁছালে ডাঙ্গাপাড়াগামী ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পেছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে সাইকেলের পেছনে বসে থাকা আদনান ছিটকে গিয়ে পাওয়ার ট্রলির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায় এবং হাসান গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনায় স্থানীয় লোকজন পাওয়ার ট্রলির চালকের সহকারী হাসানকে (২০) আটক করে পুলিশে দেন।

এ ব্যাপারে জানতে চাইলে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বলেন, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে দায়ী ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা হবে।