স্বাধীনতা দিবসের অনুষ্ঠান নিয়ে বিভিন্ন স্থানে সংঘর্ষ, বিশৃঙ্খলা
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ ও অনুষ্ঠানকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। নোয়াখালীর সেনবাগ ও বরগুনার বেতাগী উপজেলার আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে কক্সবাজারের রামুতে বিএনপির দুই পক্ষের মধ্যে। সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে।সিলেটের জৈন্তাপুরে জামায়াত সমর্থক উপজেলা চেয়ারম্যান জাতীয় পতাকা উত্তোলন করায় ছাত্রলীগ অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়। সুনামগঞ্জের দোয়ারাবাজারে উপজেলা চেয়ারম্যানকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি আওয়ামী লীগ। নীলফামারীর ডোমারে মুক্তিযোদ্ধারা অনশন করেছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: রাত ১২টার পর সেনবাগ উপজেলা আওয়ামী লীগ ও বিএনপি মিছিল বের করে। মিছিল দুটি সেনবাগ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের কাছে অতিক্রম করার সময় উভয় দলের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয় এবং পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত সাতজন আহত হন।রামু (কক্সবাজার): বিএনপির নেতা, বর্তমান সাংসদ লুত্ফুর রহমান ও সাবেক প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের সমর্থকদের মধ্যে শহীদ মিনারে কে আগে ফুল দেবে, তা নিয়ে বাগিবতণ্ডা ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ পরিস্থিতিতে রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে মাল্যদানের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।সিলেট: জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সব অনুষ্ঠান ভণ্ডুল করে দেয়। চেয়ারম্যানের পক্ষ ও ছাত্রলীগের কর্মীদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়ার ঘটনায় একজন স্কুলছাত্রীসহ অন্তত ১০ জন আহত হন। ছাত্রলীগের অভিযোগ, উপজেলা চেয়ারম্যান স্বাধীনতাবিরোধী। বর্তমানে জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের মহানগর শাখার সভাপতি। তিনি জাতীয় পতাকা উত্তোলন করায় মুক্তিযোদ্ধাদের হেয় করা হয়েছে।বরিশাল: উজিরপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের আলোচনা অনুষ্ঠানে যুবলীগের নেতা সত্যজিত্ মুক্তিযোদ্ধাদের নির্ধারিত চেয়ারে বসেন। মুক্তিযোদ্ধারা আসন ছাড়তে বললে সত্যজিতের লোকজন মুক্তিযোদ্ধাদের লক্ষ্য করে চেয়ার নিক্ষেপ করে। তবে কেউ আহত হননি। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।নীলফামারী: ডোমার উপজেলায় প্রথম প্রহরে শহীদ মিনারে দুই সাংসদ জাফর ইকবাল সিদ্দিকী ও হামিদা বানু শোভার মধ্যে আগে ফুল দেওয়া নিয়ে দ্বন্দ্ব ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। জাতীয় পার্টির সাংসদ জাফর ইকবাল সিদ্দিকীকে স্বাধীনতাবিরোধী আখ্যায়িত করে নির্ধারিত সময়ের আগে শহীদ মিনারে ফুল দেওয়া এবং শহীদ মিনারকে অবমাননা করার অভিযোগ তুলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সংবর্ধনাসহ সরকারি সব কর্মসূচি বর্জন করে। তাঁরা মুক্তিযোদ্ধা কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনশন পালন করেন।বরগুনা: বেতাগী উপজেলা সদরে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে দুই দফা পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। আওয়ামী লীগের কর্মীরা স্থানীয় উপজেলা পরিষদ মাঠে পৌর মেয়রের আয়োজনে সাংস্কৃতিক ও ক্রীড়া অনুষ্ঠান পণ্ড করে দেন। বিএনপির দাবি, আওয়ামী লীগের হামলায় ছাত্রদলের কর্মী সজীব, রিন্টু, শাহীন খান ও নাসির নামে চারজন আহত হয়েছেন।ঈশ্বরদী: আওয়ামী লীগের নেতা-কর্মীদের দাওয়াত না দেওয়ায় পাকশীতে রেলওয়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বন্ধ করে দিয়েছে স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগ নামধারীরা। পাকশীর রেল কর্মকর্তা আলী হোসেন জানান, অনুষ্ঠান চলাকালে ১০-১২ জন যুবক অনুষ্ঠানস্থলে এসে অনুষ্ঠান বন্ধ করে দেয়।সুনামগঞ্জ: দোয়ারাবাজার উপজেলায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াতের নেতা উপজেলা চেয়ারম্যানকে জাতীয় পতাকা উত্তোলন করতে দেয়নি আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের হস্তক্ষেপে তা স্বাভাবিক হয়। পরে স্থানীয় সাংসদ জাতীয় পতাকা উত্তোলন করেন।টেকনাফ (কক্সবাজার): উপজেলার লেদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে নয়জন আহত হয়েছে।