স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন মুক্তিযোদ্ধাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অব্যবস্থাপনা ও যথাযথ সম্মান না দেখানোর অভিযোগে বরগুনার পাথরঘাটায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।গতকাল মঙ্গলবার পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ শেষ হলে দেড় শতাধিক মুক্তিযোদ্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাদল চন্দ্র হালদারের স্বাধীনতা দিবসের পরবর্তী সব অনুষ্ঠান বর্জন করেন। এ সময় দেড় শতাধিক মুক্তিযোদ্ধার সঙ্গে শহীদ পরিবারের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন। একই সঙ্গে মাঠের সাজসজ্জার অব্যবস্থাপনায় ক্ষোভ প্রকাশ করেছেন তাঁরা। এ ঘটনায় গতকাল সকাল পৌনে ১০টায় পাথরঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন মুক্তিযোদ্ধারা।উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ কে এম এফ হাবিবুর রহমান জানান, মাঠে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য বসার কোনো স্থান রাখা হয়নি। মাঠের সাজসজ্জায়ও ছিল বেশ অব্যবস্থাপনা। এর পরও জাতীয় স্বার্থে ওই মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন মুক্তিযোদ্ধারা। এসব অব্যবস্থাপনা নিয়ে ইউএনও ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করা হলেও তাঁরা মাঠের ব্যবস্থাপনায় প্রয়োজনীয় পদক্ষেপ নেননি। সংবাদ সম্মেলনে ইউএনওর অপসারণ দাবি করেন তাঁরা।অব্যবস্থাপনার কথা স্বীকার করে ইউএনও বাদল চন্দ্র হালদার জানান, ভবিষ্যতে তিনি ব্যবস্থা নেবেন।