স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে হাজারো মানুষের শপথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে আজ রোববার দুপুরে সরিষাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা সংঘের উদ্যোগে দুর্নীতি প্রতিরোধে ১০ হাজার পেশাজীবী শপথ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সততা সংঘ সূত্রে জানা যায়, পৌর শহরের সরিষাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে ১০ হাজার পেশাজীবী শপথ গ্রহণ করেছেন। দুর্নীতি প্রতিরোধে শপথবাক্য পাঠ করান উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আন্নু মিয়া।

সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ বলেন, দেশকে দুর্নীতিমুক্ত করতে এই শপথ নেওয়া হয়েছে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আন্নু মিয়া বলেন, উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে দুর্নীতি প্রতিরোধে ১০ হাজার পেশাজীবী মানুষকে শপথ গ্রহণ করানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, স্বাধীনতা দিবসে আপামর মানুষ জমায়েত হওয়ায় উপজেলাকে দুর্নীতিমুক্ত করতে শপথ নেওয়া হয়েছে। আজ একটি বিশেষ দিন। তাই দুর্নীতির বিরুদ্ধে শপথে এ দিনটিকেই বেছে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নুরুল ইসলাম, সাবেক সাংসদ মুরাদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোফাজ্জল হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেনসহ নানা পেশাজীবী মানুষ।