স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে হামলা, শিক্ষক লাঞ্ছিত
নাটোরের গুরুদাসপুর উপজেলায় স্বাধীনতা দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানে গতকাল বুধবার রাতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বিয়াঘাট ইউনিয়নের দুর্গাপুর স্কুল অ্যান্ড কলেজে এ হামলায় দুজন শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।
ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর আলী অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ার অজুহাতে দুর্গাপুর গ্রামের মমতাজ, নুর, আজাদুল ও আক্কেল আলী নামের চার তরুণের নেতৃত্বে ওই হামলা চালানো হয়। এ সময় কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে পরিচালনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। কমিটির পক্ষ থেকে মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও বিয়াঘাট ইউপির চেয়ারম্যান আবু ইউনুস আলী জানান, ঘটনার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে অভিযুক্তদের একজন মমতাজ আলী তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির ব্যর্থতার কারণে বিক্ষুব্ধ দর্শকেরা ওই ঘটনা ঘটিয়েছে। গ্রাম্য দলাদলির কারণে তাঁদের ওপর দোষ চাপানো হচ্ছে।
শিক্ষক আনিসুর রহমান বলেন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানকে ঘিরে দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ জন্য ডেকোরেটর থেকে চেয়ারসহ প্রয়োজনীয় উপকরণ ভাড়া করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে রাত পৌনে আটটার দিকে বিদ্যুৎ চলে গেলে অভিযুক্তরা হামলা চালিয়ে অনুষ্ঠানস্থলের দুই শতাধিক চেয়ার, বেঞ্চ ও সাউন্ডবক্স ভাঙচুর করে। এ সময় ডেকোরেশনের কাপড়, বাল্ব, মুঠোফোন এবং বিজয়ীদের জন্য রাখা পুরস্কারসামগ্রী লুটপাট হয়। ভয়ে সবাই দৌড়াদৌড়ি করে চলে যায়। এ সময় সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে তিনিসহ কয়েকজন শিক্ষক লাঞ্ছিত হন। ওই ঘটনার পর গতকাল প্রতিষ্ঠান খোলা থাকলেও ভয়ে কোনো শিক্ষার্থী আসেনি।