স্বাধীনতা দিবসের আলোচনায় আ.লীগের প্রতি ঐক্যের আহ্বান জামায়াতের
জাতীয় অগ্রগতির জন্য আওয়ামী লীগের প্রতি ঐক্যের আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। গতকাল শনিবার স্বাধীনতা দিবসের আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমদ ওই আহ্বান জানান। দলের কেন্দ্রীয় কার্যালয়ের আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর জামায়াত ওই সভার আয়োজন করে। স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত চার দিনের অনুষ্ঠান গতকাল শেষ হয়। গতকালের আলোচনা ও দোয়া মাহফিলে জামায়াতের ভারপ্রাপ্ত আমির যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গে সরকারের উদ্দেশে বলেন, ‘খেলা জমছে না। নকল খেলা বাদ দিয়ে, আসুন, ঐক্যবদ্ধ হই।’মকবুল আহমদ বলেন, ১৯৪৭ সালে দেশ বিভাগের সময় কেউ ভারতকে, কেউ পাকিস্তানকে সমর্থন করেছিল। সেটি হতেই পারে। আওয়ামী লীগ দাবি করে, তারাই স্বাধীনতার ‘সোল এজেন্ট’। স্বাধীনতা অর্জিত হয়েছে, কিন্তু অগ্রগতি হয়নি। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করা না হলে অগ্রগতি সম্ভব নয়। আওয়ামী লীগ তাদের মনোভাবের কারণে সেটি করতে পারেনি। আওয়ামী লীগকে প্রতিহিংসাপরায়ণ ও মিথ্যাবাদী আখ্যা দিয়ে তিনি বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের মেরামত করতে হবে। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেন, অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ভারত বাংলাদেশকে পঙ্গু করে দিচ্ছে। দুই দেশের সীমানা মুছে ফেলার ষড়যন্ত্রসহ নানা আগ্রাসন চালাচ্ছে। আর আওয়ামী লীগ ভারতের সেই চেষ্টায় সমর্থন দিচ্ছে। তিনি অভিযোগ করেন, নারী উন্নয়ন নীতিমালা, শিক্ষানীতিসহ বিভিন্নভাবে সরকার দেশ থেকে ইসলাম মুছে ফেলতে চাইছে। বাংলাদেশের মানুষ সাংস্কৃতিকভাবে পরাধীন হয়ে যাচ্ছে।ঢাকা মহানগর জামায়াতের আমির রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দলের আরও কয়েকজন কেন্দ্রীয় ও মহানগর নেতা বক্তব্য দেন।