স্বাধীনতা দিবসের কর্মসূচিতে হামলাকারীরা স্বাধীনতার পক্ষের নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা স্বাধীনতা দিবসের কর্মসূচিতে হামলা চালায়, তারা কিছুতেই স্বাধীনতার পক্ষের শক্তি নয়’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে এ দাবি করেন।গতকাল স্বাধীনতা দিবসে ঢাকায় ইসলামী ছাত্রশিবিরের শোভাযাত্রাসহ দেশের বিভিন্ন স্থানে বিরোধী দলের শোভাযাত্রা ও আলোচনা সভায় পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে এ বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে এসব হামলার নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।বিবৃতিতে বলা হয়, এই দেশ ও দেশের স্বাধীনতা কোনো দল বা গোষ্ঠীর হাতে জনগণ ইজারা দেয়নি। দেশের সব নাগরিকের অধিকার আছে স্বাধীনতা দিবস পালনের। ছাত্রশিবিরের স্বাধীনতা দিবসের শোভাযাত্রায় যেসব পুলিশ হামলা করেছে, তারা কারা? কার নির্দেশে এ হামলা চালানো হয়েছে, জনগণ জানতে চায়।বিবৃতিতে আরও বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী ’৭১ সালে স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। আজ স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেও তাঁর ভূমিকা জাতির কাছে পরিষ্কার। স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছাড়া পুলিশের পক্ষে একটি গুলিও ছোড়া সম্ভব নয়। এ হামলার দায় তিনি এড়াতে পারেন না। বিবৃতিতে সরকারের জুলুম-নির্যাতন, দেলাওয়ার হোসাইন সাঈদীসহ আটক নেতা-কর্মীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে পুনর্বহালের দাবিতে ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টার হরতাল সফল করার আহ্বান জানানো হয়।