মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গত শনিবার দুপুরে বিশেষ খাবার পরিবেশন করা হয়। খাবার সংগ্রহের জন্য শিক্ষার্থীদের মধ্যে কুপন বিতরণ করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে স্বাধীনতা দিবসের এই কুপনে ‘মহান বিজয় দিবস ২০১৬’ লেখা পাওয়া গেছে।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে হল প্রাধ্যক্ষ বলছেন, যে কর্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তিনি অন্য কারও দ্বারা প্রভাবিত হয়ে প্রিন্ট করার সময় মাঝেমধ্যে কিছু কুপনের লেখা পরিবর্তন করে দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রাধ্যক্ষ পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী, স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে ২৬ মার্চ দুপুরে বিশেষ খাবার পরিবেশনের কর্মসূচি নেওয়া হয়। এ জন্য শিক্ষার্থীদের ২০ টাকার বিনিময়ে কুপন সংগ্রহ করতে বেশ কয়েক দিন আগে থেকেই প্রতিটি হলে নোটিশ দেওয়া হয়। এরপর বিভিন্ন হলের শিক্ষার্থীরা কুপন সংগ্রহ করেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম হলে বিতরণ করা বেশ কিছু কুপনে ‘বিজয় দিবস ২০১৬’ লেখা পাওয়া যায়।
শনিবার ‘বিজয় দিবস’ লেখা কুপনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা হল প্রশাসনের ব্যাপক সমালোচনা করেন।
শাহ মখদুম হলের প্রাধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি নিজে কুপন তৈরি করে তা শুধু প্রিন্ট দেওয়ার জন্য হলের উচ্চমান সহকারী মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু প্রিন্ট দেওয়ার সময় সে মাঝ থেকে কিছু কুপনে “স্বাধীনতা দিবস” লেখাটি পাল্টে “বিজয় দিবস” লেখা বসিয়ে প্রিন্ট দেয়। প্রায় ৪০০ কুপনের মধ্যে ৫০টিতে এ অবস্থা করা হয়।’ জাহাঙ্গীর আলম আরও বলেন, ‘ওই কর্মচারী আজ রোববার (গতকাল) সকালে হলে এসেই ছুটির দরখাস্ত দিয়ে পালিয়েছে। ফোনেও তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে কথা বলার জন্য হলের উচ্চমান সহকারী মোস্তাফিজুর রহমানকে হলে পাওয়া যায়নি।