স্বাধীনতা পুরস্কার নিতে মোজাফ্ফর আহমদের 'না'
স্বাধীনতা পুরস্কার-২০১৫ গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সভাপতি, প্রবীণ রাজনীতিবিদ অধ্যাপক মোজাফ্ফর আহমদ। গতকাল বুধবার ন্যাপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার-২০১৫ প্রদান করবেন। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল অবদানের জন্য সরকার অধ্যাপক মোজাফ্ফর আহমদসহ দেশের আটজন বিশিষ্ট ব্যক্তিকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে।
ন্যাপের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রতি আমাকে (মোজাফ্ফর আহমদ) স্বাধীনতা পদক-২০১৫ প্রাপ্তদের তালিকায় মনোনীত করা হয়েছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে নানা কথা ছড়ানো হচ্ছে। পদক দিলে বা নিলেই সম্মানিত হয়, এই দৃষ্টিভঙ্গিতে আমি বিশ্বাসী নই। মানুষ তাঁর কর্মগুণে সম্মানিত হয়। নিছক দেশপ্রেম ও মানবতাবোধে উদ্বুদ্ধ হয়েই আমি রাজনীতিতে এসেছিলাম। কোনো পদক বা পদ-পদবি আমাকে কোনোভাবেই উদ্বুদ্ধ করে নাই। নিতান্তই রাজনৈতিক কর্তব্যবোধে শত প্রতিকূল অবস্থা মোকাবিলা করে আমি আমার দায়িত্ব পালন করেছি মাত্র। সত্যিকার অর্থে যাঁরা মুক্তিযুদ্ধ করেছিলেন, জীবন উৎসর্গ করেছিলেন, তাঁরা কেউই কোনো প্রাপ্তির আশায় মুক্তিযুদ্ধে অংশ নেননি। আমি সম্মানের সঙ্গে ঘোষিত “স্বাধীনতা পদক-২০১৫” গ্রহণ করতে অপারগতা প্রকাশ করছি। আমার স্বাধীনতার পদক প্রাপ্তির বিষয়ে ধূম্রজাল সৃষ্টি না করতে সব পক্ষকে বিশেষভাব অনুরোধ করছি।’
জানতে চাইলে মো. ইসমাইল হোসেন বলেন, দলীয় প্রধানের কথাগুলো সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। তিনি ওই পদক গ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন। তবে কী কারণে তিনি (মোজাফ্ফর আহমদ) পদক নিচ্ছেন না, সে বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান ইসমাইল হোসেন। ন্যাপের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অনিল চক্রবর্তীও বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, ন্যাপ সভাপতি মোজাফ্ফর আহমদের সহধর্মিণী আমেনা আহমদ বর্তমানে সংরক্ষিত আসনের মহিলা সাংসদ।