স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন আটজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য দেশের আটজন বিশিষ্ট ব্যক্তিকে ২০১৫ সালের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার। গতকাল বুধবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে বৃহত্তর সিলেটে মুক্তিযুদ্ধ পরিচালনায় বিশেষ ভূমিকা পালনকারী মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, ১৯৭১ সালে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে কর্মরত অবস্থায় মুক্তিযুদ্ধে সহায়তার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদতবরণকারী মামুন মাহমুদ, ১৯৭১ সালে ওয়াশিংটনে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী এবং প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক সাবেক অর্থমন্ত্রী প্রয়াত শাহ এ এম এস কিবরিয়া, প্রবীণ রাজনীতিবিদ এবং মুক্তিযুদ্ধ চলাকালে প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা অধ্যাপক মোজাফফর আহমদ।
এ ছাড়া সাহিত্য ক্ষেত্রে বিশিষ্ট সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতি ক্ষেত্রে চলচ্চিত্র অভিনেতা আব্দুর রাজ্জাক (নায়ক রাজ্জাক), গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে কৃষি গবেষক ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় প্রথিতযশা সাংবাদিক প্রয়াত সন্তোষ গুপ্ত এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরস্কার দেবেন।