স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন নয় ব্যক্তি ও এক প্রতিষ্ঠান
জাতীয় পর্যায়ে গৌরবময় ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য নয়জন বিশিষ্ট ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকে ২০১৪ সালের স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। ২৫ মার্চ ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পুরস্কার প্রদান করবেন। গতকাল রোববার তথ্য বিবরণীতে এ ঘোষণার কথা জানানো হয়।
পুরস্কারের জন্য ঘোষিত ব্যক্তিরা হলেন: স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে সাবেক গণপরিষদ সদস্য মোহাম্মদ আবুল খায়ের (মরণোত্তর)। তিনি ১৯৭১ সালের ৭ মার্চ নিরাপত্তা ভেদ করে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ রেকর্ড ও সংরক্ষণ করেন। পুলিশ সুপার হিসেবে কর্মরত অবস্থায় কুমিল্লা সেনানিবাসের ব্রিগেড কমান্ডারের কাছে জেলা পুলিশের অস্ত্রভান্ডারের চাবি দিতে অস্বীকৃতি জ্ঞাপনকারী ও পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে বন্দী অবস্থায় শহীদ মুন্সী কবির উদ্দিন আহমেদ (মরণোত্তর), বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে সক্রিয় সহায়তা প্রদানকালে শহীদ কাজী আজিজুল ইসলাম (মরণোত্তর), মুক্তিযুদ্ধে ৮ নম্বর সেক্টরের অধিনায়ক লে. কর্নেল (অব.) মো. আবু ওসমান চৌধুরী, কিশোরগঞ্জের তদানীন্তন মহকুমা প্রশাসক খসরুজ্জামান চৌধুরী (মরণোত্তর), সরকারি চাকরিতে নিয়োজিত থাকা অবস্থায় মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শহীদ এস বি এম মিজানুর রহমান (মরণোত্তর), মুক্তিযুদ্ধের ৫ নম্বর সেক্টরের অধীন সাব-সেক্টরের রেজিমেন্টাল চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ হারিছ আলী (মরণোত্তর)।
শিক্ষাক্ষেত্রে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলাদেশ সরকারের শিক্ষা ও সংস্কৃতি বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ভাষাসংগ্রামী মো. কামরুজ্জামান (মরণোত্তর) এবং সংস্কৃতি ক্ষেত্রে মুক্তিযুদ্ধ তথা দেশের সব গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী শিল্পী কাইয়ুম চৌধুরী।
এ ছাড়া কৃষি গবেষণা ও কৃষির উন্নয়নে অসামান্য অবদানের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটকে গবেষণা ও প্রশিক্ষণ ক্ষেত্রে পুরস্কার প্রদান করা হচ্ছে।