স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৪ ব্যক্তি ও নৌবাহিনী
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ২০১৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছে দেশের ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি হলো বাংলাদেশ নৌবাহিনী। আর ব্যক্তিদের মধ্যে সরকারের দুজন মন্ত্রী রয়েছেন।
গতকাল সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। ১০ মার্চ ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন: ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে পাকিস্তান দূতাবাসে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও প্রবাসে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সংগঠক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত; মুক্তিযুদ্ধ সংগঠক ও মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালে ভারতের মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্প, অপারেশন ক্যাম্প ও শরণার্থী ক্যাম্পে দায়িত্ব পালনকারী বস্ত্র ও পাটমন্ত্রী মুহাঃ ইমাজ উদ্দিন প্রামাণিক; সফল রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট সমাজসেবক মৌলভী আচমত আলী খান; সুপারসনিক এয়ার ক্রাফট এফ-৬ এর সফল পাইলট ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে বাংলাদেশ এয়ারফোর্স গঠনে উল্লেখযোগ্য ভূমিকা পালনকারী স্কোয়াড্রন লিডার (অব.) বদরুল আলম বীর উত্তম; ১৯৭১ সালে রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত থাকা অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রতিরোধে পুলিশ বাহিনীকে সংগঠিত করার কাজে নেতৃত্বদানকারী শহীদ শাহ্ আব্দুল মজিদ; রাঙামাটিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ সংগঠনে নেতৃত্বের জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে শাহাদাত বরণকারী রাঙামাটির তৎকালীন মহকুমা প্রশাসক এম আবদুল বারী; ১৯৭১ সালে লন্ডনে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকা অবস্থায় বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও বাংলাদেশের প্রথম সংবিধান স্বহস্তে লেখক মরহুম এ কে এম আবদুর রউফ; ১৯৭১ সালে দিল্লিতে পাকিস্তান হাইকমিশনে কর্মরত থাকাকালে পাকিস্তানের পক্ষ ত্যাগ করে বাংলাদেশ সরকারের প্রতি আনুগত্য প্রকাশকারী ও দিল্লিতে বাংলাদেশের প্রথম মিশন স্থাপনকারী কে এম শিহাব উদ্দিন, মুক্তিযুদ্ধ চলাকালে স্বাধীনতার সপক্ষে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনায় বলিষ্ঠ ভূমিকা পালনকারী সৈয়দ হাসান ইমাম।
একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালন করায় মরহুম রফিকুল ইসলাম ও আবদুস সালাম মাতৃভাষার ক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন। বিজ্ঞান ও প্রযুক্তিক্ষেত্রে পুরস্কার পাচ্ছেন স্বনামধন্য কৃষি গবেষক এবং তোষা পাট ও দেশি পাটের জীবন রহস্য আবিষ্কারক মরহুম অধ্যাপক মাকসুদুল আলম।
প্রথিতযশা শিশু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ রফি খান (এম আর খান) পুরস্কার পাচ্ছেন চিকিৎসাবিদ্যায়। সংস্কৃতিতে পুরস্কার পাচ্ছেন স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী ও রবীন্দ্রসংগীত গবেষক রেজওয়ানা চৌধুরী বন্যা।
এ ছাড়া জনসেবায় মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং দেশের জলসীমায় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রতিষ্ঠান হিসেবে এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।