স্বাধীনতা যুদ্ধের সত্যিকার ইতিহাস তুলে ধরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, ‘দেশের স্বাধীনতা যুদ্ধের সত্যিকার ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।’ গতকাল রোববার নগরের ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত ‘বজলুর রহমান স্মৃতি পদক ২০১৩’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর বাসসের।
রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের মহান স্বাধীনতার গৌরবোজ্জ্বল ইতিহাস বিভিন্নভাবে বিকৃত করা হচ্ছে। বিশেষ মহল এটিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। নতুন প্রজন্মের সামনে দেশের স্বাধীনতা যুদ্ধের সত্যিকার ইতিহাস তুলে ধরা আমাদের নৈতিক দায়িত্ব।’
স্বাধীনতা যুদ্ধের ওপর ধারাবাহিক প্রতিবেদনের জন্য সিলেটের দৈনিক যুগভেরীর অপূর্ব শর্মা ও চ্যানেল আইয়ের রাজীব দাস ওই পদক গ্রহণ করেন। দৈনিক সংবাদ-এর সাবেক সম্পাদক ও স্বাধীনতা যুদ্ধের সংগঠক বিশিষ্ট সাংবাদিক মরহুম বজলুর রহমানের নামে এ পদক প্রবর্তন করা হয়।
আবদুল হামিদ বলেন, ‘সংবাদপত্র সমাজের দর্পণ, সাংবাদিকেরা এর কারিগর এবং সমাজ নির্মাণে মিডিয়া একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার। ‘কিন্তু এ জন্য বিভ্রান্তিমুক্ত, আস্থামূলক ও পক্ষপাতহীন সাংবাদিকতা প্রয়োজন। এ ক্ষেত্রে অবশ্যই মিথ্যাকে মিথ্যা এবং সত্যকে সত্য বলার সাহস থাকতে হবে।’
রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ‘বজলুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের কল্যাণে তরুণ সাংবাদিক সমাজ অবদান রাখবে। বজলুর রহমান এমন এক ব্যক্তি ছিলেন, যিনি অসাম্প্রদায়িক, ন্যায়ভিত্তিক ও মুক্ত গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় নীরবে কাজ করে গেছেন।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সরওয়ার আলী ও আলী যাকের বক্তব্য দেন।
অনুষ্ঠানে বজলুর রহমানের স্ত্রী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী এবং মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।