খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির বার্ষিক নির্বাচনে শিক্ষকদের সংগঠন স্বাধীনতা শিক্ষক পরিষদ পূর্ণ প্যানেলে জয়লাভ করেছে। এতে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্ট টিচার্স অ্যাসোসিয়েশনের (এনটিএ) প্যানেলের ভরাডুবি হয়েছে। ওই প্যানেল থেকে ১৩টি পদে নির্বাচন করে কোনো প্রার্থীই জয়ী হতে পারেননি।
গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে তৃতীয় একাডেমিক ভবনে বেলা দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ৩৮৪ জন ভোটারের মধ্যে ২৮৬ জন ভোট প্রদান করেন। রাতে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে ২০০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন স্বাধীনতা শিক্ষক পরিষদের প্রার্থী সরদার শফিকুল ইসলাম। এসটিএর প্রার্থী মো. রফিকুল ইসলাম পেয়েছেন ৮০ ভোট। ১৭৮ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোসাম্মৎ হোসনে আরা। তাঁর প্রতিদ্বন্দ্বী শেখ সিরাজুল হাকিম পেয়েছেন ৯৭ ভোট।
স্বাধীনতা শিক্ষক পরিষদ প্যানেল থেকে আরও নির্বাচিত অন্য প্রার্থীরা হলেন সহসভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক আবু শামীম মোহাম্মদ আরিফ, কোষাধ্যক্ষ মো. নুরুজ্জামান, প্রচার সম্পাদক বিধান চন্দ্র সরকার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. দুলাল হোসেন। সদস্য পদের জয়ী প্রার্থীরা হলেন আহমেদ আহসানুজ্জামান, মো. সারওয়ার জাহান, আশিষ কুমার দাশ, মো. এনামুল হক, মো. নাজমুল হাসান ও প্রভাষক মৌমিতা রায়।
নির্বাচন কমিশনের প্রধানের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. আবদুল জব্বার।