
সশস্ত্র বাহিনীর ভবিষ্যৎ নেতাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনে সজাগ ও সদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, ‘শেষ রক্তবিন্দু দিয়ে হলেও দেশের স্বাধীনতা রক্ষা করা হবে তোমাদের জীবনের প্রথম ও প্রধান ব্রত।’
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৬৯তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স, ৪০তম বিএমএ স্পেশাল কোর্স এবং বিএমএ স্পেশাল শর্ট কোর্সের (প্যালেস্টাইন) ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে রাষ্ট্রপতি-প্যারেড অনুষ্ঠানে আবদুল হামিদ এসব কথা বলেন।
নতুন ক্যাডেটদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, দেশের সব প্রাকৃতিক দুর্যোগ ও দুঃসময়ে বরাবরই বাংলাদেশ সেনাবাহিনী বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে। দেশের অবকাঠামো নির্মাণ ও নানা প্রকল্প বাস্তবায়নে সেনাবাহিনীর দক্ষতা ও নৈপুণ্যের চিত্র তুলে ধরেন তিনি।