স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দেন
ছবি: বাসস

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার শরিয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এই আহ্বান জানান। তিনি তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চ্যুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন।

শেখ হাসিনা বলেন, ‘আমরা কারও সঙ্গে যুদ্ধে জড়াতে চাই না। কিন্তু যদি কোনো বহিঃশত্রু হামলা করে, তাহলে আমরা যথাযথভাবে মোকাবিলা করব।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূলনীতির প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘“সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়” আমরা এই নীতিতে বিশ্বাসী।’
শেখ হাসিনা বলেন, কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্যকে প্রস্তুত থাকতে হবে।

বর্তমান সরকার দেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়ন, শিক্ষিত ও সমৃদ্ধিশালী করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আমি বিশ্বাস করি, সশস্ত্র বাহিনীর প্রত্যেক সদস্য তাঁদের নিজ নিজ বুদ্ধি, পেশাগত দক্ষতা ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে ক্রমান্বয়ে তাঁদের সুনাম বৃদ্ধি করবেন।’

প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় প্রতিরক্ষা নীতি-১৯৭৪ করেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি, কম্বাইন্ড আর্মস স্কুলসহ সেনাবহিনীর জন্য এক শতাধিক ইউনিট-ইনস্টিটিউশন স্থাপন করেন।

শেখ হাসিনা বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট পরিবারের বেশির ভাগ সদস্যসহ বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যার পর সশস্ত্র বাহিনীর মধ্যে অস্থিতিশীলতা দেখা দেয়। ১৯ থেকে ২০ বার ক্যু সংঘটিত হয়। এতে সশস্ত্র বাহিনীর অনেক কর্মকর্তা ও সৈন্য নিহত হন।

সরকারপ্রধান বলেন, দীর্ঘ ২১ বছর পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার গঠন করে সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নের পরিকল্পনা গ্রহণ করে।

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার ১৯৯৮ সালে ন্যাশনাল ডিফেন্স কলেজ ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রতিষ্ঠা করে। এ ছাড়া ১৯৯৯ সালে বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশনস ট্রেনিং অ্যান্ড আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে। এ ছাড়া তাঁর সরকার ২০০০ সালে সেনা, নৌ ও বিমানবাহিনীতে প্রথম নারী অফিসারদের নিয়োগ দেয়।