স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক তারেক: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের সংগ্রামের প্রতীক’ আখ্যায়িত করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক সংস্কৃতিতে তারেক রহমান ব্যতিক্রমী রাজনীতিক।
আজ মঙ্গলবার এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। তারেক রহমানের ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিএনপি ওই আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে তারেক রহমানকে নিয়ে সম্পাদিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যেখানে প্রতিহিংসা, দুর্নীতি, হীনমন্যতা, কটূক্তিসর্বস্ব হয়ে উঠেছে, সেখানে তারেক রহমান ব্যতিক্রম। তিনি স্বপ্ন দেখান, আলোর পথ দেখান। তারেক রহমান অসাধারণ মেধাবী সংগঠক, তাঁকে দেশে ফিরিয়ে আনতে হবে।
জিয়াউর রহমানকে হত্যার পর এখনো বিএনপিকে নির্মূল করার ষড়যন্ত্র অব্যাহত আছে, দাবি করে বিএনপির মুখপাত্র বলেন, ‘বিএনপিকে ধ্বংস করা যাবে না।’
জাতীয় নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী গতকাল সোমবার সচিবদের বৈঠকে যে বক্তব্য দিয়েছেন তার সমালোচনা করেন ফখরুল। তিনি বলেন, ‘একজন প্রধানমন্ত্রী, যিনি এককালের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের কন্যা, দলের কর্মীরা যাকে গণতন্ত্রের মানসকন্যা বলতে ভালোবাসেন, তিনি নিজ হাতে দেশকে অন্ধকার সুড়ঙ্গ, অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন। কিন্তু এ চেষ্টা সফল হবে না।’

নির্বাচনে জয়ের কোন সম্ভাবনা নেই জেনে প্রধানমন্ত্রী দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চান বলে অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি নেতা-কর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাত্র কয়েক সপ্তাহ সময় আছে। এর মধ্যে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করতে হবে।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এমাজউদ্দীন আহমদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মোস্তাহিদুর রহমান প্রমুখ আলোচনায় অংশ নেন।