
সমাজে অনন্য অবদানের জন্য সাত বিশিষ্ট নাগরিককে স্বাধীনতা স্মারক সম্মাননা পদক দিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সম্মাননা স্মারক পদক প্রদান উপলক্ষে গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন পদক পাওয়া ব্যক্তি ও তাঁদের পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেন।
এ বছর স্বাধীনতা স্মারক সম্মাননা পদক পাওয়া সাতজনের মধ্যে চিকিৎসায় মোহাম্মদ আইয়ুব আলী (মরণোত্তর), সমাজসেবায় আবদুল হাকিম (মরণোত্তর), সাংবাদিকতায় নাসিরুদ্দিন চৌধুরী ও ক্রীড়ায় মোহাম্মদ ইকবালের (মরণোত্তর) পক্ষে তাঁদের পরিবারের সদস্যরা ক্রেস্ট গ্রহণ করেন। শারীরিক অসুস্থতার কারণে নাসিরুদ্দিন চৌধুরী অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
এ ছাড়া মুক্তিযুদ্ধে মোহাম্মদ ছৈয়দুর রহমান চৌধুরী, শিক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ ও গবেষণা ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক গাজী সালেহ উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে পদক পাওয়া ব্যক্তি ও তাঁদের স্বজনেরা নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, মরণোত্তর পদক পাওয়া বিশিষ্ট নাগরিকদের পরিবারের সদস্যরা জীবনের পথচলায় তাঁদের আলোকিত পূর্বসূরিদের অনুসরণ করবেন। নিজেদের আলোকিত ও পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলবেন। আর জীবিত গুণীজনেরা তাঁদের মেধা, প্রজ্ঞা ও চিন্তাধারা দিয়ে এই শহরের মানুষদের সত্যিকারের মানুষ ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের শিক্ষা ও স্বাস্থ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি নাজমুল হক।
উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ, আবিদা আজাদ ও এস এম এরশাদ উল্লাহ, প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম ও প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। অনুষ্ঠান পরিচালনা করেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম।