স্বাধীনতাকে অর্থবহ করাই আমাদের লক্ষ্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অনেক রক্তের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি। আমাদের লক্ষ্য স্বাধীনতাকে অর্থবহ করা এবং একটি সমৃদ্ধিশালী দেশ গঠনের মাধ্যমে সর্বক্ষেত্রে জাতির অধিকার ও মর্যাদা রক্ষা করা।’
রাজধানীতে গতকাল বৃহস্পতিবার এক শিশু-কিশোর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে ঢাকা জেলা প্রশাসন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং ঢাকার জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া উপস্থিত ছিলেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী স্বাধীনতা ও জাতীয় দিবসে শিশুদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘স্বাধীনতা আমাদের নিজস্ব পরিচয়ে বাঁচার সুযোগ করে দিয়েছে। আমরা আমাদের নিজস্ব ভূখণ্ড পেয়েছি। আমরা আমাদের পৃথক জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও সংবিধান পেয়েছি।’ প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধের সব শহীদ, মুক্তিযোদ্ধা এবং যুদ্ধের সময় পাকিস্তানি দখলদার বাহিনীর হাতে সম্ভ্রমহারা মা-বোনদের প্রতি শ্রদ্ধা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে হাতাহাতি, সংঘর্ষ ও অগ্নিসংযোগের রাজনীতি পরিহার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদকে ‘না’ বলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শেখ হাসিনা বলেন, ‘আমাদের শিশুরা যাতে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে, এ জন্য একটি উন্নত ও সমৃদ্ধিশালী দেশ হিসেবে আমাদের মাতৃভূমিকে গড়ে তুলতে প্রত্যেককে সন্ত্রাস ও জঙ্গিবাদকে “না” বলতে হবে।’
প্রধানমন্ত্রী বলেন, যারা সন্ত্রাস ও জঙ্গিপনা করছে এবং আগুন দিয়ে শিশুদের জীবন্ত পুড়িয়ে মারছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, ‘আর কোনো শিশুর এভাবে মৃত্যু হোক আমরা তা কখনোই প্রত্যাশা করি না। আর কেউ শিশুদের স্কুলে যেতে বাধা দিতে পারবে না।’
প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে দিবসটি পালন উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। তিনি বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শিশুদের শারীরিক কসরত প্রত্যক্ষ করেন।
বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।
সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে তিনি রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে তাঁর সরকারি বাসভবন গণভবনে একটি স্মারক ডাকটিকিট, একটি উদ্বোধনী খাম ও একটি ডেটা কার্ড অবমুক্ত করেন। অনুষ্ঠানে একটি বিশেষ সিলমোহরও ব্যবহার করা হয়।
বাংলাদেশ ডাকঘর ৪৫তম স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ওই স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যের একটি উদ্বোধনী খাম ও ৫ টাকা মূল্যের ডেটা কার্ড ইস্যু করেছে।