কক্সবাজার পৌরসভার যেসব সড়কের নামকরণ স্বাধীনতাবিরোধীদের নামে হয়েছে, তা বাতিল করার দাবি জানিয়েছে ছাত্রমঞ্চ। গতকাল সোমবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
স্বাধীনতাবিরোধীদের নামে সড়ক ও স্থাপনার নামকরণ প্রতিরোধ ছাত্রমঞ্চ কক্সবাজারের উদ্যোগে ওই সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান জেলা ছাত্রলীগের সভাপতি ইশতিয়াক আহমেদ। উপস্থিত ছিলেন জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সৌরভ দেব।
ইশতিয়াক আহমেদ অভিযোগ করেন, পৌরসভা কর্তৃপক্ষ শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ার সড়কটি স্বাধীনতাবিরোধী মাহমুদুল হক ওসমানীর নামে নামকরণের সিদ্ধান্ত নিয়েছে। অথচ মুক্তিযুদ্ধের সময় তিনি শহীদ সুভাষ-ফরহাদকে হত্যা করেছিলেন। তিনি বলেন, শহরের সব স্থাপনা ও সড়ক থেকে স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের নামে নামকরণ করতে হবে।
সৌরভ দেব জানান, ২৪ জুন বিকেল তিনটায় কক্সবাজার পৌরসভা চত্বরে দাবি বাস্তবায়নের জন্য তাঁরা গণ-অবস্থান ও সংহতি সমাবেশ করবেন। ২৫ জুন পৌরসভা কার্যালয় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন তিনি।