স্বাধীনতাবিরোধী চক্রই জেএমবি, হুজি নামে নাশকতা চালিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশে কোনো আইএস নেই। জঙ্গি যারা ধরা পড়েছে, তারা সবাই এ দেশের মানুষ। স্বাধীনতাবিরোধী চক্র কখনো জেএমবি, কখনো হুজি, কখনো বা আনসারুল্লাহ বাংলা টিম নামে দেশে নাশকতা চালিয়েছিল।
গতকাল শুক্রবার দুপুরে কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয় ভবনের উদ্বোধন উপলক্ষে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। শহরের গোলচত্বর এলাকায় ৪ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করেছে গণপূর্ত অধিদপ্তর।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ রুখতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তাঁর ডাকে সাড়া দিয়ে সারা দেশের আনাচে-কানাচে, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সব শ্রেণিপেশার মানুষ ঐক্যবদ্ধ আন্দোলন শুরু করেছে। জঙ্গিবাদ নিয়ে তৃণমূলের মানুষ সচেতন হচ্ছে।
আসাদুজ্জামান খান বলেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষ ৬০ থেকে ১০০ জন লোকের হাতে জিম্মি হতে পারে না। এই গুটি কয়েক মানুষের জন্য বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। তাই জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ দমনে সরকার কঠোর। তাদের ঠাঁই এ দেশে হবে না।
বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজুওয়ানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজারের তিন সাংসদ আশেক উল্লাহ রফিক, মোহাম্মদ ইলিয়াছ ও আবদুর রহমান বদি, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ, জেলা প্রশাসক মো. আলী হোসেন, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক আহমদ চৌধুরী, পুলিশ সুপার (এসপি) শ্যামল কুমার নাথ, জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।