স্বাধীনতাবিরোধী জামাতের সদস্য পাঁচ হাজার মুক্তিযোদ্ধা!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ বলেছেন, ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হলে সরকারের আগামী দিনগুলো মোটেও সহজ হবে না। তিনি দাবি করেন, পাঁচ হাজার মুক্তিযোদ্ধা জামায়াতের সদস্য। তাঁদের মধ্যে সাতজন সাব-সেক্টর কমান্ডারও আছেন। গত শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় পৈতৃক বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।মুজাহিদ অভিযোগ করেন, বর্তমান সরকারের দ্রুত পতন চায়—এমন একটি গোষ্ঠী সরকারকে দিয়ে এ ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের চেষ্টা করছে, যা দেশের জনগণ মেনে নেবে না। এটা হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। তিনি বলেন, ‘আমরা সরকারকে সাহায্য করতে চেয়েছিলাম। কিন্তু আমাদের রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে।’ ‘সংসদ বর্জনের বাবা আওয়ামী লীগ’—এ মন্তব্য করে মুজাহিদ বলেন, ‘আমরা সংসদ কার্যকর করার পক্ষে।’ তিনি বলেন, দেশের একটি পরিবারের নাতিকে পর্যন্ত বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) সুবিধা দেওয়া হচ্ছে, অপরদিকে বিরোধী দলের প্রধানকে বাড়ি থেকে উত্খাতের চেষ্টা চলছে।সংবিধানের পঞ্চম সংশোধনী প্রসঙ্গে তিনি বলেন, এটি এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে, অথচ আইনমন্ত্রী ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন। বিচারিক কোনো বিষয় নিয়ে মন্তব্য করা সমীচীন নয় বলে তিনি উল্লেখ করেন। জাতীয় শিক্ষানীতি প্রসঙ্গে তিনি বলেন, হুট করে ঘোষণা না দিয়ে সবার মতামতের ভিত্তিতে শিক্ষানীতি করা উচিত।