স্বাধীনতাবিরোধী পক্ষের সঙ্গে আর ঐক্যবদ্ধ আন্দোলন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরপেক্ষতার কথা বলে যেসব সাংবাদিক স্বাধীনতাবিরোধীদের পক্ষে অবস্থান নিয়েছেন, তাঁদের সঙ্গে ঐক্যবদ্ধ আন্দোলন না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সরকার-সমর্থক বলে পরিচিত সাংবাদিকদের দুটি অংশ।গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এ কথা বলা হয়। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি, সাংবাদিকদের ওপর আক্রমণ, জাতীয় পতাকা পোড়ানো ও শহীদ মিনার ভাঙচুরের প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে চলমান ঐক্যবদ্ধ আন্দোলনের ধারাবাহিকতায় সাংবাদিক ইউনিয়নগুলো মধ্যে যে ঐক্যপ্রক্রিয়া চলছিল, তা গত কয়েক দিনে ভেঙে গেছে। সরকার-সমর্থক এবং সরকারবিরোধী বলে পরিচিত আগের সেই বিভেদ স্পষ্ট হয়ে উঠেছে। এর ফলে দুই পক্ষের কর্মসূচিতে সাংবাদিকদের অংশগ্রহণ ও উপস্থিতিও কমেছে। গতকালের সমাবেশে সভাপতির বক্তব্যে বিএফইউজের একাংশের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী বলেন, অনেক সাংবাদিক শাহবাগ আন্দোলনের বিরোধিতা করছেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার প্রশ্নে তাঁরা নিরপেক্ষতার কথা বলে আজকের সমাবেশ এড়িয়ে গেছেন। মাহমুদুর রহমানের পক্ষে অবস্থান নিয়েও অনেকে সমাবেশে আসেননি। এঁদের সঙ্গে আর কোনো ঐক্যবদ্ধ আন্দোলন নয়। বৈশাখী টেলিভিশনের প্রধান নির্বাহী মনজুরুল আহসান বুলবুল বলেন, জাতীয় পতাকা পোড়ানো, শহীদ মিনার ভাঙচুরের বিরুদ্ধে যাঁরা কথা বলেন না, তাঁদের নিয়ে ঐক্য হতে পারে না। সাংবাদিক নেতাদের মধ্যে সমাবেশে বক্তব্য দেন আবদুল জলিল ভূঁইয়া, শাহজাহান মিয়া, শাহ আলমগীর, আলতাফ মাহমুদ, আজিজুল ইসলাম ভূঁইয়া, আতাউর রহমান প্রমুখ। সঞ্চালনা করেন শাবান মাহমুদ।এদিকে কাল বৃহস্পতিবার বেলা ১১টায় বিএফইউজে-ডিইউজের বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত দুই অংশ জাতীয় প্রেসক্লাবের সামনে ফ্যাসিবাদবিরোধী সমাবেশ আয়োজন করেছে।