স্বাধীনতাবিরোধী শক্তি পরিস্থিতি অশান্ত করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ও চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর সাম্প্রতিক হামলায় স্বাধীনতাবিরোধী শক্তি জড়িত ছিল বলে অভিযোগ করেছেন সংখ্যালঘু নেতারা। তাঁদের দাবি, এ হামলার মূল উদ্দেশ্য ছিল সংখ্যালঘু ব্যক্তিদের মধ্যে ভীতি সৃষ্টি করে তাঁদের আগামী জাতীয় নির্বাচন থেকে দূরে রাখা। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধ দিবস’ পালন উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব অভিযোগ করা হয়। বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম এর আয়োজন করে।সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের চলমান বিচার-প্রক্রিয়া নস্যাৎ করার জন্য সাম্প্রদায়িক শক্তি পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। এসব শক্তি দেশে ২০০১ সালের নির্বাচনের সময়ের চেয়েও ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কক্সবাজার ও চট্টগ্রামে সংখ্যালঘু ব্যক্তিদের ওপর হামলায় ২০টি বৌদ্ধবিহার, তিনটি হিন্দু মন্দির, প্রায় পাঁচ শ বাড়িঘর ও ব্যবসায় প্রতিষ্ঠান আগুনে পুড়ে গেছে বলে সমাবেশে বক্তারা দাবি করেন। এতে প্রায় ৭০ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে। তাঁরা অভিযোগ করেন, হামলার সময় প্রশাসন নির্বিকার ভূমিকা পালন করে। সরকারের প্রশাসনে মৌলবাদী শক্তি লুুকিয়ে আছে বলে দাবি করেন বক্তারা। সমাবেশে বক্তব্য দেন কাজল দেবনাথ, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, তরুণ তপন দেওয়ান, নির্মল রোজারিও, বিমান বড়ুয়া, পদ্মাবতী দেবী প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করা হয়।