স্বাধীনতাবিরোধী শক্তিকে রুখে দাঁড়ানোর আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের ৪২ বছর পর সাম্প্রদায়িক ও স্বাধীনতাবিরোধী শক্তি আবার সংঘবদ্ধ। মুক্তিযুদ্ধে বিজয়ী বাংলাদেশ আক্রান্ত হয়েছে এই অপশক্তি দ্বারা। এদের রুখতে দেশের ৩৩ বিশিষ্টজন ডাক দিয়েছেন ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’।
আগামী ৫ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’-এর জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হবে। ২০ এপ্রিল এর জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেটে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অক্টোবরের কনভেনশনের ঘোষণা আর এই আন্দোলনের ওয়েবসাইটের উদ্বোধন করা হয়।
ওয়েবসাইটের উদ্বোধন করে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, রামুর ঘটনার পরও সাম্প্রদায়িক তৎপরতার পুনরাবৃত্তি রোধ করা যায়নি। একটি অসাম্প্রদায়িক সরকার ক্ষমতায় থাকা সত্ত্বেও এসব ঘটনা ঘটেছে। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মূলে যদি স্থানীয় মানুষ মাথা উঁচু করে দাঁড়ায়, তবেই আক্রমণকারীরা প্রতিহত হবে। একাত্তরে আমরা যে বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্ন দেখেছিলাম, সেই বাংলাদেশকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী বলেন, ৪২ বছর ধরে যে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির উত্থান ঘটেছে, তাদের মোকাবিলার জাতীয়ভাবে চেষ্টা হয়নি, খণ্ডিতভাবে হয়েছে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিরা ঐক্যবদ্ধ, কিন্তু পক্ষের শক্তি খণ্ডবিখণ্ড। আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, ‘একটা অদ্ভুত অবস্থার মধ্যে আমরা ঘুরপাক খাচ্ছি। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠান ও গণতান্ত্রিক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে থাকে। বাংলাদেশকে গণতান্ত্রিক ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল করার জন্য এ অবস্থার অবসান ঘটা দরকার।’ তিনি বলেন, এখন দূর থেকে কারোরই চুপচাপ দাঁড়িয়ে থাকার অবস্থা নেই।’
‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ ৩৩ জন বিশিষ্ট নাগরিকের একটি আন্দোলন। অক্টোবরের কনভেনশনের আগে ২০ সেপ্টেম্বর খুলনায় এবং ২৭ সেপ্টেম্বর রাজশাহীতে নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য পড়েন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী। সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৫ অক্টোবরের কনভেনশনে যোগ দিতে আগ্রহীরা rdbd.net ওয়েবসাইটে নিবন্ধন করতে পারবেন।