জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, স্বাধীনতাবিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী চেতনার বিকাশ ঘটানো সম্ভব নয়। ধর্মীয় চেতনা আর মুক্তিযদ্ধের প্রেরণার মাধ্যমেই সত্যিকারের বাংলাদেশি জাতীয়তাবাদের উন্মেষ ঘটতে পারে। জাতীয় পার্টিই হচ্ছে সেই চেতনার ধারক ও বাহক।এরশাদ গতকাল রোববার দলের বনানীর কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বিএনপির নেতা কাজী মামুনুর রশীদের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী গতকাল জাতীয় পার্টিতে যোগ দেন। তাঁদের মধ্যে রয়েছেন পৌর বিএনপির সহসভাপতি শেখ সেলিম আহমেদ, শাহ সুফী আবদুস কুদ্দুস, মুক্তিযোদ্ধা কমান্ডার রইচ উদ্দিন প্রমুখ।এরশাদ বলেন, নির্বাচন পদ্ধতি সংস্কারের মাধ্যমেই কেবল বিতর্কমুক্ত নির্বাচন হতে পারে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করে হেরে গেলে কারচুপির অভিযোগ করা হয়। আবার একই সময় এ পদ্ধতি বহাল রাখতে আন্দোলনের হুমকিও দেওয়া হয়। জাতীয় পার্টিতে যোগদানকারীদের স্বাগত জানিয়ে এরশাদ বলেন, ‘আসুন, আমরা সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামে কাজ শুরু করি। নতুন প্রজন্মের সম্ভবনার বাংলাদেশ গড়ে তুলি।’ অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য দেলোয়ার হোসেন খান, জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, এস এম আলম প্রমুখ বক্তব্য দেন।