স্বাধীনতাবিরোধীদের অপতৎপরতা রুখতে বিশিষ্টজনদের আহ্বান
স্বাধীনতাবিরোধী চক্রের অপতৎপরতা রোধে দেশপ্রেমিক গণতান্ত্রিক শক্তির প্রতি ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দেশের ৩৪ জন বিশিষ্ট ব্যক্তি। গতকাল বুধবার এক বিবৃতিতে তাঁরা এ আহ্বান জানান।বিবৃতিতে বিশিবষ্টজনেরা বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার যখন সমাগত, তখন সামাজিক স্থিতিশীলতা নষ্ট এবং এই বিচার ব্যাহত করার ঘৃণ্য প্রচেষ্টা চালাচ্ছে সাম্প্রদায়িক গোষ্ঠী। সরকার এবং সরকারের বাইরে সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনে নিয়োজিত প্রগতিশীল শক্তিকে এই প্রবণতা রুখতে সম্মিলিতভাবে এগিয়ে আসা দরকার। এ জন্য দেশব্যাপী প্রচারণা ও উদ্যোগ গ্রহণ করতে হবে।সাম্প্রদায়িকতা রুখতে দেশের বিবেকবান বুদ্ধিজীবী সমাজ অতীতের মতো সক্রিয় ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয় বিবৃতিতে।বিবৃতিতে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এতে স্বাক্ষর করেন অধ্যাপক হায়াৎ মামুদ, খোন্দকার ইব্রাহীম খালেদ, অজয় রায়, মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী, অধ্যাপক পান্না কায়সার, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বিচারপতি এবাদুল হক, অর্থনীতিবিদ আবুল বারকাত, সৈয়দ হাসান ইমাম, অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক শফি আহমেদ, মিলি রহমান, আলী যাকের, নূর মোহাম্মদ তালুকদার, সারা যাকের, শিরিন আখতার, রশীদ-ই-মাহবুব, সাংসদ খান টিপু সুলতান, সঞ্জীব দ্রং প্রমুখ।